মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট — মালয়েশিয়ায় অস্থায়ী কর্মসংস্থান ভিসা (পিএলকেএস) জালিয়াতির অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা জাল কাগজপত্র তৈরি করে অবৈধভাবে ওয়ার্ক পারমিট সংগ্রহের মাধ্যমে অর্থ উপার্জনের উদ্দেশ্যে একটি চক্রের সঙ্গে জড়িত। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
১২ নভেম্বর রাত ১০টার দিকে পেনাং রাজ্যের সেবেরাং পেরাই সেলাতান জেলার সিম্পাং আমপাট এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের ‘অপ সারকাপ’ নামের বিশেষ অভিযানে এ গ্রেফতারি কার্যক্রম পরিচালিত হয়।
পেনাং রাজ্য অভিবাসন বিভাগের পরিচালক শামসুল ফিতরি আহমাদ জানান, গ্রেফতারকৃত দুজনের বয়স যথাক্রমে ২৩ ও ৩২ বছর। তারা অভিবাসনসংক্রান্ত জাল পাস তৈরির চক্রের সঙ্গে সরাসরি জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অভিযানের সময় ওই আবাসিক ভবনে তল্লাশি চালিয়ে একজন সন্দেহভাজনের কাছে অন্য ব্যক্তির পরিচয় ও তথ্য ব্যবহার করে তৈরি করা ই-পাসের মুদ্রিত কপি পাওয়া যায়। এছাড়া, কয়েকটি পরিবর্তিত ই-পাসের কপিও উদ্ধার করা হয়েছে, যেগুলো ওই ব্যক্তির নিজস্ব নয়।
শামসুল ফিতরি আহমাদ সংবাদ সম্মেলনে জানান, অভিবাসন বিভাগের প্রাথমিক তদন্তে জানা গেছে যে, আবাসিক ভবনটি বিদেশি নাগরিকদের তথ্য পরিবর্তন এবং বিভিন্ন নথি জাল করে ছাপানোর কাজে ব্যবহার করা হতো। এর মাধ্যমে অবৈধভাবে অস্থায়ী কর্মসংস্থান ভিসা (পিএলকেএস) সংগ্রহের ব্যবস্থা করা হতো বলে ধারণা করছে কর্তৃপক্ষ।
এ চক্রের মাধ্যমে কতজন বিদেশি নাগরিক পিএলকেএসের জন্য আবেদন করেছেন কিংবা ওয়ার্ক পারমিট সংগ্রহ করেছেন, তা শনাক্ত করতে তদন্ত চলছে।
অভিযানকালে জালিয়াতির কাজে ব্যবহৃত সন্দেহে বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি প্রিন্টার, একটি ল্যাপটপ এবং পাকিস্তানি এক নাগরিকের পাসপোর্ট।
অভিবাসন বিভাগ জানিয়েছে, উদ্ধার করা সরঞ্জাম ও নথিপত্র পরীক্ষা করে এ জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে অবৈধভাবে কর্মসংস্থান ভিসা সংগ্রহে এ চক্রের কার্যক্রমের বিস্তৃতি খতিয়ে দেখা হচ্ছে।
প্রতিনিধির নাম 





















