মোঃ আমিনুল ইসলামঃ কুমিল্লার বরুড়া উপজেলার ৩ নং উত্তর খোশবাস ইউনিয়নের পয়ালগচ্ছ গ্রামে চটপটির ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগের তীর মো. আলফু মিয়ার ছেলে শিমুলের দিকে।
স্থানীয় সূত্র ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, শিমুল দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় মাদক সেবন ও ইয়াবা ট্যাবলেট বিক্রির সঙ্গে জড়িত রয়েছে বলে অভিযোগ রয়েছে।
তার কার্যক্রমকে কেন্দ্র করে পয়ালগচ্ছ, হরিপুর, ধেড়ারপাড়, শ্রীরামপুর ও আগানগরসহ আশপাশের এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
অনুসন্ধানে আরও জানা যায়, শিমুলের বিরুদ্ধে একাধিকবার স্থানীয়ভাবে সালিস বৈঠক অনুষ্ঠিত হলেও অভিযোগ রয়েছে যে, পার্শ্ববর্তী শ্রীরামপুর গ্রামের বিএনপির বহিষ্কৃত নেতা ফারুকের প্রত্যক্ষ সহযোগিতায় সে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এলাকাবাসীর দাবি, মাদক ব্যবসার প্রতিবাদ করলে তাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হয়। এছাড়া অভিযোগ রয়েছে, তার সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রভাবশালী গোষ্ঠী সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে এবং কয়েকজনকে মারধরের ঘটনাও ঘটিয়েছে।
মাদক ব্যবসার পাশাপাশি শিমুলের বিরুদ্ধে চুরি ও নারী সংক্রান্ত নানা অভিযোগও রয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বরুড়া থানার দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ফারুককে অতীতে কয়েকবার গ্রেফতার করা হলেও শিমুলের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে বিএনপির দায়িত্বশীল কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, “দলের নাম ব্যবহার করে কেউ মাদক ব্যবসা বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এলাকাবাসী এমন কাউকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে পারেন।”
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের নির্দেশনা রয়েছে এবং প্রশাসনকে মাদক নির্মূলে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
প্রতিনিধির নাম 


















