ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের বহুল আলোচিত ঈদগড়-ঈদগাঁও সড়কের হিমছড়ি ঢালার মুখে সংঘটিত ডাকাতির ঘটনায় অন্যতম সন্দেহভাজন আসামি মো. ইমাম হোসাইনকে (৩২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম হাসনাকাটা এলাকায় ‘হাসনাকাটা সবুজ বাংলা যুব সমাজ’ কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর ব্যাটালিয়নের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এ সময় ইমাম হোসাইনের কাছ থেকে একটি ব্যবহৃত অ্যান্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার ইমাম হোসাইন রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসনাকাটা এলাকার মৃত মোক্তার আহাম্মদের ছেলে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গত ১৯ অক্টোবর ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা নামক পাহাড়ি এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় ঈদগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫ জানায়, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিনিধির নাম 



















