ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের — ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে। সরকার ইতোমধ্যে ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণা করেছে।
মন্ত্রী জানান, প্রথমে বগুড়া বিমানবন্দরের কাজ শুরু হবে এবং এরপর ত্রিশালে বৃহৎ পরিসরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের কাজ শুরু হবে। তিনি উল্লেখ করেন, ত্রিশালে বিমানবন্দর নির্মিত হলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ব্যাপক উন্নয়ন হবে।
সভায় এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিএনপি সরকার গঠন করলে জনগণের সঙ্গে নিয়ে উন্নয়নমূলক কাজ করবে। তিনি বলেন, কিছুদিনের মধ্যেই ত্রিশালে পর্যটন এলাকার উন্নয়ন দৃশ্যমান হবে।
মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে বলেন, ‘আমরা দ্বিতীয় জিয়াউর রহমান পেয়েছি। যিনি ১৪ থেকে ১৬ ঘণ্টা কাজ করেন।’ তিনি ত্রিশালসহ দেশকে মাদকমুক্ত করতে সবার সহযোগিতা কামনা করেন।
এম রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন, ত্রিশাল ইতোমধ্যে উন্নত উপজেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে। সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমানের নেতৃত্বে আধুনিক ত্রিশালের উন্নয়ন হবে। তিনি আশা প্রকাশ করেন, কপালে থাকলে ডা. মাহাবুবুর রহমান যেকোনো সময় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন।
মন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, ‘এ দেশে আওয়ামী লীগ ফিরে আসবে না, আপনারা নির্ভয়ে কাজ চালিয়ে যান।’
ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া।
প্রতিনিধির নাম 























