ভূরুঙ্গামারী হানাদারমুক্ত দিবস পালিত — আজ ১৪ নভেম্বর, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় ভূরুঙ্গামারী। মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ স্বাধীনতা অর্জনের প্রায় এক মাস আগে এই অঞ্চলটি মুক্ত হয়েছিল। স্থানীয় ইতিহাস অনুযায়ী, এখানে প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের মানচিত্রখচিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
১৯৭১ সালের ১৩ নভেম্বর রাতভর মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর যৌথ আক্রমণে পাকিস্তানি বাহিনী দিশেহারা হয়ে পড়ে। ত্রিমুখী আক্রমণের মুখে ভোর হওয়ার আগেই তারা ভূরুঙ্গামারী ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। পরে তারা পাশের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকায় অবস্থান নেয়।
মুক্তিযুদ্ধের ৬ নম্বর সেক্টরের অধীন সাহেবগঞ্জ সাব-সেক্টরের পরিকল্পনা অনুযায়ী, ভূরুঙ্গামারীর দক্ষিণ দিক খোলা রেখে পশ্চিম, উত্তর ও পূর্ব দিক থেকে একযোগে আক্রমণের সিদ্ধান্ত নেওয়া হয়। মুক্তিযোদ্ধা ও ভারতীয় বাহিনীর যৌথ নেতৃত্বে প্রবল আক্রমণ শুরু হয়।
১৩ নভেম্বর মিত্রবাহিনীর কামান, মর্টারসহ ভারী অস্ত্র থেকে পাকিস্তানি অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়। একই সঙ্গে ভারতীয় যুদ্ধবিমান আকাশে চক্কর দিতে থাকে। এর আগের দিন থেকেই মিত্রবাহিনীর বিমান হামলা শুরু হয়েছিল।
রাতভর যুদ্ধের পর ভোর হওয়ার আগেই পাকিস্তানি সেনাদের গুলিবর্ষণ বন্ধ হয়ে যায়। ১৪ নভেম্বর সকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মুক্তিযোদ্ধারা ভূরুঙ্গামারী পাইলট উচ্চবিদ্যালয় ও তৎকালীন সিও অফিসের (বর্তমান উপজেলা পরিষদ) সামনে পৌঁছান। সেখানে উত্তোলন করা হয় বাংলাদেশের মানচিত্রখচিত জাতীয় পতাকা।
স্থানীয় মুক্তিযুদ্ধের ইতিহাস অনুযায়ী, এ যুদ্ধে পাকিস্তানি বাহিনীর ক্যাপ্টেন আতাউল্লাহ খানসহ ৪০ থেকে ৫০ জন সেনা নিহত এবং ৩০ থেকে ৪০ জন আটক হন। মুক্ত ভূরুঙ্গামারীতে প্রবেশের পর মুক্তিযোদ্ধারা সিওর বাসভবনের (বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন) দোতলায় তালাবদ্ধ অবস্থায় কয়েকজন নির্যাতিত নারীকে উদ্ধার করেন। তাদের মধ্যে অনেকে পাঁচ থেকে ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
প্রতি বছর ১৪ নভেম্বর ভূরুঙ্গামারী হানাদারমুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সহযোগিতায় ভূরুঙ্গামারী প্রেস ক্লাব দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।
দিবসটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি, পদক বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসের স্মারক হয়ে থাকা ভূরুঙ্গামারীর এই দিনটি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার ইতিহাস জানার অনুপ্রেরণা জোগায়।
প্রতিনিধির নাম 

























