আ.লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ — জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদী আচরণ করে এবং ক্ষমতার বাইরে গেলে নাশকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসের পথ বেছে নেয়। তিনি মঙ্গলবার (১৭ নভেম্বর) টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
আখতার হোসেন বলেন, ‘আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে, তখন তারা ফ্যাসিবাদী আচরণ করে। আর যখন ক্ষমতার বাইরে থাকে, তখন তারা নাশকতাবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ে। বর্তমানে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।’
এনসিপির এই নেতা আওয়ামী লীগ সরকারের আমলে গুম, নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের আগে ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ আয়নাঘর প্রতিষ্ঠা করে মানুষকে গুম ও নির্যাতন করেছে। তিনি পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা এবং মুজিববিরোধী আন্দোলনের সময়কার হত্যাকাণ্ডের কথাও উল্লেখ করেন।
আখতার হোসেন আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় বহু মানুষকে গুম, খুন ও হত্যার শিকার হতে হয়েছে। তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পরও আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে নাশকতা ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আখতার হোসেন বলেন, শেখ হাসিনা নিজে দেশে ফিরবেন কি না, সেটি মূল বিষয় নয়। বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফিরিয়ে এনে আদালতের দেওয়া দণ্ড কার্যকর করার দায়িত্ব সরকারের।
তিনি বলেন, ‘আজকের এই দিনে ঠিক এক বছর আগে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করা হয়েছিল। এক বছর পেরিয়ে গেছে, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণেরও নয় মাস হয়েছে। কিন্তু এখনো শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার কার্যকরের কোনো পদক্ষেপ সরকার নিতে পারেনি। আমরা এটিকে সরকারের কূটনৈতিক ব্যর্থতা হিসেবে দেখি।’
ভারতের ভূমিকা নিয়েও আখতার হোসেন সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, ভারত সরকার আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে বাংলাদেশে অস্থিরতা তৈরির সুযোগ দিচ্ছে, যা আন্তর্জাতিক নিয়মের পরিপন্থী।
ভারত সরকারের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনার প্রতি সমর্থনের অবস্থান থেকে ভারতকে সরে আসতে হবে। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দেশটিকে গুরুত্ব দিতে হবে।
এ সময় টাঙ্গাইল জেলা এনসিপির আহ্বায়ক কামরুজ্জামান শাওন, সদস্যসচিব মাসুদুর রহমান রাসেলসহ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধির নাম 
























