ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার সিকদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, তাজা গোলা ও দেশীয় অস্ত্রসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার মধ্যরাত ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন সিকদার পাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ১টি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড তাজা গুলি ও ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে একজন সন্ত্রাসীকে আটক করা হয়।
আটক ব্যক্তি মোঃ রাসেল (৩৫)। তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সিকদার পাড়ার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক রাসেল দীর্ঘদিন ধরে মাদক পাচার, মানবপাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। এছাড়া এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টি করত বলেও জানায় কোস্ট গার্ড। তার বিরুদ্ধে মানবপাচার, মাদক ও অস্ত্র আইনে মোট ৮টি মামলা রয়েছে।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত অস্ত্র ও আটক আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মিডিয়া কর্মকর্তা আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধির নাম 


















