ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীর পরিবেশগত সংকটাপন্ন সোনাদিয়া দ্বীপে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনার বিরুদ্ধে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে প্রায় ২০ থেকে ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি খাস জমি পুনরুদ্ধার করা হয়েছে।
শনিবার (৯ মে) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সোনাদিয়া পূর্ব ও পশ্চিম প্যারাবন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় কোস্ট গার্ড, বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ, আনসার ও বন বিভাগের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর উপস্থিতিতে ঝাউবন কেটে সরকারি খাস জমিতে অবৈধভাবে নির্মিত ছোট, মাঝারি ও বড় আকারের বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সোনাদিয়ার সংরক্ষিত প্যারাবন এলাকায় অবৈধভাবে কটেজ, রিসোর্ট ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করে দখল কার্যক্রম চালিয়ে আসছিল একটি চক্র। এতে পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছিল। প্রশাসনের চলমান অভিযানের অংশ হিসেবে এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন,“জনস্বার্থ ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশগত সংকটাপন্ন এলাকায় অবৈধ দখল ও স্থাপনার বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহল এ অভিযানকে পরিবেশ রক্ষায় সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।
প্রতিনিধির নাম 


















