ফরহাদ রহমান.স্টাফ রিপোর্টার কক্সবাজার: মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগামী ১৩ জুন কক্সবাজার সফরকে কেন্দ্র করে জেলায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সফর উপলক্ষে নির্ধারিত বিভিন্ন উন্নয়ন, জনসম্পৃক্ত ও রাজনৈতিক কর্মসূচির সার্বিক অগ্রগতি পর্যালোচনা এবং প্রস্তুতি তদারকির অংশ হিসেবে কর্মসূচির স্থানসমূহ পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
পরিদর্শনকালে তিনি সফরের গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলোর ভেন্যু ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট নেতাকর্মী ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি প্রথমে ডুলাহাজারা সাফারি পার্কে যান, যেখানে প্রধানমন্ত্রীর অংশগ্রহণে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে তিনি নির্ধারিত স্থান, অতিথি বসার ব্যবস্থা, নিরাপত্তা, জনসমাগম নিয়ন্ত্রণ ও অন্যান্য আনুষঙ্গিক প্রস্তুতি বিষয়ে খোঁজখবর নেন।
পরে তিনি চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় আয়োজিতব্য জনসভার স্থান পরিদর্শন করেন। জনসভাকে কেন্দ্র করে মঞ্চ নির্মাণ, আগত নেতাকর্মীদের অবস্থান, যানবাহন চলাচল, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরকে স্মরণীয় ও সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এরপর তিনি নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনের নির্ধারিত স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন। একইসঙ্গে নবগঠিত মাতামুহুরি উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপনের স্থানও ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। তিনি আশা প্রকাশ করেন, এসব প্রশাসনিক ও উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার জনগণ সরাসরি উপকৃত হবে এবং স্থানীয় পর্যায়ে সেবার মান আরও বৃদ্ধি পাবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামিম আরা স্বপ্না, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরীসহ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে নেতাকর্মীরা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি সভা, সমন্বয় বৈঠক এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি কর্মসূচিগুলো সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পরিদর্শন শেষে শাহজাহান চৌধুরী সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর জেলার উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। তিনি সফরের প্রতিটি কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে দলীয় নেতাকর্মী, প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
প্রতিনিধির নাম 


















