নিজস্ব প্রতিবেদক: সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে মন্তব্য করে মতলব উত্তর উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম বলেছেন, “আমাদের গতানুগতিক শিক্ষা গ্রহণের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। উন্নত বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই।
“সরকার দেশের বিপুল জনসংখ্যাকে মানবসম্পদে পরিণত করার পরিকল্পনা গ্রহণ করেছেন। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা এগিয়ে যাচ্ছি। এ জন্য কারিগরি শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি।”
শনিবার (২৯ আগস্ট) সকালে স্বপ্ন সেবা কম্পিউটার ট্রেনিং সেন্টার প্রাঙ্গণে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে সাইফুল ইসলাম বলেন, “সারা বিশ্বে কারিগরি শিক্ষায় দক্ষ ব্যক্তিদের প্রচুর চাহিদা রয়েছে। প্রবাসী কর্মীরা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস। তাদের যদি আমরা দক্ষ করে বিদেশে পাঠাতে পারি, তাহলে আমাদের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। এ জন্য কারিগরি শিক্ষায় অধিক গুরুত্ব দিতে হবে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে স্বপ্ন সেবা কম্পিউটার ট্রেনিং সেন্টারে আনন্দঘন পরিবেশে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে । স্বপ্ন সেবা কম্পিউটার ট্রেনিং সেন্টারের স্বত্বাধিকারী অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাংবাদিক সফিকুল ইসলাম রানা, সাংবাদিক মমিনুল ইসলাম এবং সাংবাদিক দেওয়ান মুরাদুজ্জামান।
অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী ২৪ জন শিক্ষার্থীর মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধির নাম 


















