ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-সি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার আসামি মো. উল্লাহ (৩৬)। তিনি মো. হোছনের ছেলে এবং নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-সি, শেড নম্বর ৮৮০-এর ৩ ও ৪ নম্বর কক্ষে বসবাস করেন।
১৬ এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নিজ বাসায় অবস্থান করছে—এমন তথ্য পেয়ে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের অপারেশন অফিসার পুলিশ পরিদর্শক (নিঃ) কানন চৌধুরীকে বিষয়টি অবহিত করা হয়। পরে দিবাকালীন মোবাইল ডিউটি পার্টি ও এসআই (নিঃ) আজিজুল হাকিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মো. উল্লাহকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় জিআর-১৬৮/১১ নম্বর মামলা রয়েছে। এ মামলায় প্রসেস নম্বর ৯৩৭৪/২১।
পরে গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে বিষয়টি নথিভুক্ত করা হয়েছে।
প্রতিনিধির নাম 



















