ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারে বিশেষ যৌথ অভিযানে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সরোয়ার (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫, কক্সবাজার ও এসআরবি-৭, চট্টগ্রাম।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার সদর থানাধীন কালুর দোকান এলাকার বার্মিজ মার্কেট রোডসংলগ্ন মেসার্স হাফেজ আহমেদ চৌধুরী গ্যাস পাম্পের সামনে এ অভিযান চালানো হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, এসআরবি-১৫ ও এসআরবি-৭-এর একটি যৌথ দল দুপুর ১২টা ৫০ মিনিটে কক্সবাজার সদর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কালুর দোকান এলাকায় এক ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে দুপুর আনুমানিক সাড়ে ১টার দিকে অভিযান চালিয়ে পালানোর চেষ্টাকালে সরোয়ারকে আটক করা হয়।
গ্রেপ্তার সরোয়ার চট্টগ্রামের বোয়ালখালী থানার পোপাদিয়া এলাকার মোসলেম মিয়ার ছেলে।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাকে তল্লাশি করে একটি শপিং ব্যাগের ভেতর থেকে সাদা স্কচটেপে মোড়ানো সাতটি বান্ডেলে রাখা ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত দুটি বাটন মোবাইল ফোন ও নগদ ৩৪০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরোয়ার দীর্ঘদিন ধরে মিয়ানমার ও সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি বিক্রির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে অভিযানকারী দল।
উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার সরোয়ারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধির নাম 





















