ফরিদপুরের সালথায় ফসলি জমির সীমানায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে অন্তত ১৫টি বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের মেহেরদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দাদের মতে, এলাকায় আধিপত্য বিস্তার ও ফসলি জমি নিয়ে মেহেরদিয়া গ্রামের মো. কালাম মুন্সীর সঙ্গে নুর ইসলাম মুন্সীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার দুপুরে কালাম মুন্সী তার জমির সীমানায় বেড়া দিতে গেলে নুর ইসলামের সমর্থকরা তাকে মারধর করেন।
এ ঘটনার পর উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী চলা ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্যে সংঘর্ষকারীরা অন্তত ১৫টি বসতঘরে হামলা চালান।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, জমিতে বেড়া দেওয়ার কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে।
প্রতিনিধির নাম 





















