মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে পোশাক কারখানার শ্রমিক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে উপজেলার ফকুরহাটি ইউনিয়নের জান্না এলাকায় এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এ আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে দুর্বৃত্তরা পোশাককারখানার শ্রমিক বহনকারী বাসে আগুন দেয়। আগুনের খবর পেয়ে একটি ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে বাসে আগুন দেওয়া হয়েছে, তা এখনো জানা যায়নি।
সাটুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ পরিদর্শক মজিবর রহমান জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটি পুড়ে গেছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।
প্রতিনিধির নাম 

























