বিএনপির নেতাকর্মীদের রাজপথে সতর্ক — প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আগামী তিন মাস রাজপথে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন। সোমবার (৯ নভেম্বর) তিনি নিজের ফেসবুক পোস্টে এই আহ্বান জানান।
রাশেদ খান পোস্টে দাবি করেন, ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে চলন্ত বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তিনি এসব ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে লেখেন, ‘আজকে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্পটে চলন্ত বাসে আওয়ামী দুর্বৃত্তরা আগুন দিয়েছে। শেখ হাসিনার নির্দেশনায় ওরা মানুষ পুড়িয়ে মারার খেলায় নেমেছে।’
এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে বিএনপি নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার ওপর গুরুত্ব দেন রাশেদ খান। তিনি বলেন, ‘গণপ্রতিরোধের নেতৃত্ব দিতে সারাদেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রাজপথে পাহারা দেওয়ার বিকল্প নেই। আগামী ৩ মাস চোখ-কান খোলা রেখে রাজপথে শক্ত অবস্থান নিতে হবে।’
জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক অবস্থান নিয়েও মন্তব্য করেন তিনি। রাশেদ খান বলেন, ‘রাজনৈতিক স্বার্থের খেলায় জামায়াত-এনসিপি মাঠে নামবে না ধরে নিয়েই জাতীয়তাবাদী বাংলাদেশপন্থী শক্তিকে জনগণকে সঙ্গে নিয়ে অগ্রসর হতে হবে।’
পোস্টে রাশেদ খান আরও দাবি করেন, আওয়ামী লীগের পলাতক অপরাধীরা দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুরসহ বড় শহরগুলোতে আশ্রয় নিয়েছে। এ পরিস্থিতিতে বাড়ির মালিকদের ভাড়াটিয়াদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বাড়ির মালিকদের উদ্দেশে তিনি লেখেন, ‘বাড়ির মালিকদের প্রতি অনুরোধ করব, আপনাদের বাসায় কারা ভাড়া থাকে, ভাড়াটিয়াদের বাসায় অপরিচিত সন্দেহজনক ব্যক্তির আনাগোনা বাড়ছে কি না, সেই তথ্য প্রশাসনকে অবহিত করুন। এছাড়া আওয়ামী লীগের কোনো পলাতক আসামির কাছে বাসা ভাড়া দেবেন না।’
রাশেদ খান আওয়ামী লীগের প্রতি সামাজিক সম্প্রীতির বিবেচনায় এতদিন যে নমনীয়তা দেখানো হয়েছে, দলটি সেটিকে দুর্বলতা হিসেবে দেখছে বলেও মন্তব্য করেন। তিনি বলেন, ‘সামাজিক সম্প্রীতির কথা চিন্তা করে ওদের প্রতি এতদিন নমনীয়তা দেখানোকে ওরা দুর্বলতা মনে করেছে। কিন্তু আওয়ামী গণহত্যাকারী দুর্বৃত্তরা যেভাবে অগ্নিসন্ত্রাস শুরু করেছে, ওদের ঘুম হারাম করে দেওয়ার বিকল্প নেই।’
প্রতিনিধির নাম 























