নারীর ক্ষমতায়ন নিয়ে ফ্রান্সের — নারীর ক্ষমতায়ন, নারী অধিকার সুরক্ষা, ফ্যামিলি কার্ড এবং নারী ও শিশুদের টেকসই উন্নয়ন বিষয়ে আলোচনা করেছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে মন্ত্রীর কার্যালয়ে তাদের মধ্যে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নারী ও শিশু বিষয়ক সচিব ড. রওশন আরা বেগম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগ, নারীর ক্ষমতায়ন, নারী অধিকার রক্ষা, ফ্যামিলি কার্ড এবং নারী ও শিশুদের টেকসই উন্নয়নসহ বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
মন্ত্রী বলেন, ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে ফ্রান্স সরকারের উন্নয়ন সহযোগিতা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান নারীর অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নারীদের নামে ফ্যামিলি কার্ড ইস্যুর উদ্যোগ নিয়েছেন। এটি সরকারের অন্তর্ভুক্তিমূলক নারী উন্নয়ন নীতির প্রতিফলন।
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জীবনমান উন্নয়নে বিভিন্ন ভাতার আওতা বাড়ানো হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, তাদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিভিন্ন ভবনে র্যাম্প স্থাপন এবং ব্যবহার উপযোগী ওয়াশরুম নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
ফ্রান্সের রাষ্ট্রদূত বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা অর্জন এবং সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষায় সরকারের বিভিন্ন পদক্ষেপ ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন।
এ সময় রাষ্ট্রদূত ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে মন্ত্রী জানান, এটি একটি সর্বজনীন সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এ কর্মসূচির আওতায় বর্তমানে দেশজুড়ে তথ্য সংগ্রহের কাজ চলছে।
মন্ত্রী বলেন, পাঁচ সদস্যের প্রতিটি পরিবারের বয়োজ্যেষ্ঠ নারীর নামে এ কার্ড ইস্যু করা হবে। কার্ডের মাধ্যমে পাওয়া অর্থ নারীরা পারিবারিক ব্যয় নির্বাহ ও সন্তানদের লেখাপড়ার পাশাপাশি বসতবাড়ির আঙিনায় কৃষিকাজ এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠার কাজেও ব্যবহার করতে পারবেন।
সাক্ষাৎকালে আগামী ২৫ নভেম্বর ফরাসি উন্নয়ন সংস্থার (এএফডি) আয়োজনে ঢাকার ফরাসি দূতাবাসে অনুষ্ঠেয় একটি সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত।
লৈঙ্গিক সমতা ও নারীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কানাডা, ফ্রান্স, জার্মানি, মরক্কো, নেপাল, স্পেন ও যুক্তরাজ্যের সমন্বয়ে গঠিত ‘Feminist Foreign Policy Plus (FFP+) Local Group’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এতে মন্ত্রীকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়।
নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রায়হান হোসেন মঙ্গলবার এসব তথ্য জানান।
প্রতিনিধির নাম 






















