তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জলবায়ু — জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (COP31) যোগ দিতে তুরস্কের আনতালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের সাথে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রী আগামী ১২ নভেম্বর COP31 সম্মেলনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন। সম্মেলনটি ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট আনতালিয়া বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান তুরস্ক প্রজাতন্ত্রের সংস্কৃতি ও পর্যটন বিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম। এ সময় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এর আগে, বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। ফ্লাইটটি তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে।
ইস্তাম্বুলে দুই ঘণ্টা যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় দুপুর ২টা ৫৫ মিনিটে আনতালিয়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তিন দিনের সরকারি সফরে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সম্মেলনের পাশাপাশি তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন।
বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
এছাড়া, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গে বৈঠকের সম্ভাবনাও রয়েছে।
প্রতিনিধির নাম 






















