শ্রীমঙ্গলে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে — মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। হামলায় অভিযুক্ত নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা হাবিবুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের জন্য পুলিশকে আলটিমেটাম দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহরের চৌমুহনা চত্বরে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জুলাই যোদ্ধাদের নেতাকর্মীরা অংশ নেন। তারা হামলায় জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এর আগে দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে হামলার ঘটনা ঘটে। হামলায় হাসিব আল ইসলামের হাতে আঘাত লাগে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, হামলাকারীর পরিচয় জানা গেছে। তিনি হলেন শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। হামলার ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়, হামলার সময় হাসিব আল ইসলাম একটি ব্যাটারিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন।
ভিডিওতে দেখা যায়, হামলাকারী হাসিবের উদ্দেশে গালাগাল করতে থাকেন। অটোরিকশা থামার পর হামলাকারী হাসিবের সঙ্গে হাত মেলান এবং পরে আচমকা চাপাতি নিয়ে হামলা করেন। এ সময় হাসিব অটোরিকশা থেকে নেমে দৌড় দেন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ। তিনি বলেন, ‘হাসিব তার স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গলে বেড়াতে এসেছিলেন। ফেরার পথে হামলাকারী ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করেন। হামলার ঘটনাটি ভিডিও ধারণ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে পাঠানো হয়েছে।’
প্রীতম দাশ আরও বলেন, ‘শ্রীমঙ্গলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হামলায় অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেফতারের পাশাপাশি এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।’
তিনি জানান, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিতে তারা শ্রীমঙ্গল থানায় এসেছেন। হাসিব আল ইসলাম কুমিল্লা থেকে শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হয়েছেন বলেও জানান তিনি।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে হামলাকারীর পরিচয় জানা গেছে। হামলাকারীকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।’
প্রতিনিধির নাম 























