সানিয়া মির্জার ডেটিং জীবন — ভারতের প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জা সম্প্রতি নিজের ডেটিং জীবন নিয়ে কথা বলেছেন। পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি নতুনভাবে জীবনকে সাজিয়ে নিয়েছেন। সানিয়া জানান, বর্তমানে তিনি সিঙ্গেল আছেন, তবে তার মন্তব্যে কিছুটা জল্পনা সৃষ্টি হয়েছে।
৩৯ বছর বয়সী সানিয়া সম্প্রতি বলিউড পরিচালক ফারহা খানের সঙ্গে অঙ্গদ বেদি ও নেহা ধুপিয়ার ইউটিউব শো ‘ডাবল ডেট’-এ অতিথি হিসেবে উপস্থিত হন। সেখানে অঙ্গদ তাকে প্রশ্ন করেন, কোনো পুরুষ বন্ধু কি কখনো তাকে কফি ডেটে যাওয়ার প্রস্তাব দেন? সানিয়া মজার ছলে জানান, কফি ডেটের পরিবর্তে তাকে বরং বয়েজ ট্রিপে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়।
ফারহা খান জানান, তার পুরুষ বন্ধুরা মাঝে মাঝে ফোন করে জানতে চান সানিয়া সত্যিই সিঙ্গেল কি না। সানিয়া স্পষ্টভাবে জানান, তিনি বাস্তবিকই সিঙ্গেল। তবে অঙ্গদ ফের প্রশ্ন করেন, কোনো পুরুষের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর কথা কি তার মনে হয় না? ফারহা মজা করে বলেন, সানিয়া যে এমন কোনো মুহূর্ত কাটাচ্ছেন না, তা অঙ্গদ কীভাবে জানেন!
সানিয়া প্রথমে ফারহার কথায় সায় দেন, তবে পরে হাসতে হাসতে বলেন, তার জীবনে কোনো পুরুষ নেই, আবার থাকতেও পারে! এই মন্তব্যের পর জল্পনা শুরু হয়, যদিও তিনি স্পষ্ট করেন যে এটি নিছক মজা ছিল এবং তিনি এখনও সিঙ্গেলই রয়েছেন।
সানিয়া মির্জা এবং ফারহা খানের বন্ধুত্বের কথা অনেকেরই জানা। তারা বিভিন্ন সাক্ষাৎকার ও সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কথা প্রকাশ করেছেন। সানিয়া একবার বলেছিলেন, জীবনের কঠিন সময়ে ফারহা তার পাশে দাঁড়িয়েছিলেন।
সানিয়া ২০১০ সালের ১২ এপ্রিল শোয়েব মালিকের সঙ্গে বিয়ে করেন। হায়দরাবাদে বিয়ের পর তারা দুবাইয়ে সংসার করেন এবং ২০১৮ সালে তাদের ছেলে ইজহান মির্জা মালিক জন্মগ্রহণ করে। তবে ২০২৩ সালে তাদের বিচ্ছেদ ঘটে। পরে ২০২৪ সালে শোয়েব পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন।
বিচ্ছেদের পর সানিয়া বর্তমানে ছেলে ইজহানকে নিয়ে জীবন কাটাচ্ছেন। তিনি জানান, তার ছেলে টেনিস খেলে, যদিও মায়ের মতো টেনিসের প্রতি বিশেষ আগ্রহ নেই। তবে ইজহানের খেলাধুলোর প্রতি ঝোঁক রয়েছে বলেও জানান সানিয়া।
প্রতিনিধির নাম 























