ঢাবি শিক্ষিকা মোনামির নাচের — ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষিকা শেহরীন আমিন ভুইয়া মোনামি ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, নিজের নাচ নিয়ে কোনো ধরনের লজ্জা বা বিব্রতবোধ নেই।
মোনামি বলেন, ভাইয়ের বিশেষ দিনে আনন্দ প্রকাশ করতেই তিনি নেচেছিলেন এবং ভবিষ্যতে এমন সুযোগ এলে আবারও একইভাবে আনন্দে মাতবেন। সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান।
পোস্টে মোনামি উল্লেখ করেন, দেশে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, অথচ সেসবের পরিবর্তে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তার নাচ। তিনি প্রশ্ন তুলেছেন, কেন তার নাচের মতো বিষয়টি এত গুরুত্ব পাচ্ছে।
ভিডিওটি কীভাবে ছড়িয়ে পড়েছে, সে বিষয়েও নিজের ধারণা তুলে ধরেন মোনামি। তিনি জানান, প্রথমে তার এক বন্ধু ভিডিওটি ফেসবুকে শুধুমাত্র বন্ধুদের জন্য শেয়ার করেছিলেন। পরে তিনি নিজেও ভিডিওটি পুনরায় শেয়ার করেন, যা তার বন্ধুতালিকায় থাকা ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ থাকার কথা ছিল। কিন্তু তার ধারণা, কেউ অর্থ উপার্জনের উদ্দেশ্যে ভিডিওটি সংবাদমাধ্যমে সরবরাহ করেছেন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মোনামি বলেন, যিনি ভিডিওটি সংবাদমাধ্যমে দিয়েছেন, আল্লাহ যেন তাকে উপার্জনের আরও সম্মানজনক ও হালাল পথ দেখান।
নিজের নাচ নিয়ে সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, নান্দনিকভাবে নাচার জন্য তার বয়স কিংবা শারীরিক গঠন তথাকথিত আদর্শ না-ও হতে পারে। তবে একজন মানুষের নাচের ক্ষেত্রে বয়স কিংবা শারীরিক গঠন কেন অপরিহার্য মানদণ্ড হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।
মোনামি আরও জানান, নাচের ভিডিও ছড়িয়ে পড়লে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ট্রল কিংবা সমালোচনার মুখে পড়তে পারেন, সে বিষয়ে তিনি আগে থেকেই অবগত ছিলেন। তবে এসব নিয়ে তিনি উদ্বিগ্ন নন।
তিনি বলেন, এটি তার একমাত্র ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল এবং ভাইয়ের বিশেষ দিনে নাচার ইচ্ছা তার দীর্ঘদিনের। তাই এমন সুযোগ আবারও এলে তিনি একইভাবে নাচবেন।
মোনামি স্পষ্ট করেছেন, নিজের আনন্দ প্রকাশের স্বাভাবিক অভিব্যক্তি হিসেবে নাচকে তিনি দেখেন এবং এ নিয়ে তার কোনো লজ্জা বা বিব্রতবোধ নেই।
প্রতিনিধির নাম 
























