চলতি বছর ২৯৫০.৫২ মিলিয়ন — বর্তমান সরকার চলতি বছর মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ২৯৫০.৫২ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মোসা. ফরিদা ইয়াসমিনের এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী এ তথ্য জানান।
প্রশ্নে মোসা. ফরিদা ইয়াসমিন জানতে চান, বিগত সরকারের রেখে যাওয়া বিদেশী ঋণের বোঝা থেকে দেশকে মুক্ত করার লক্ষ্যে বর্তমান সরকার বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করেছে কিনা এবং এই পর্যন্ত বর্তমান সরকার কত পরিমাণ ঋণ পরিশোধ করেছে।
উত্তরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার গঠনের পর থেকেই বৈদেশিক ঋণ সহনশীল মাত্রায় রাখতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, বৈদেশিক ঋণ বাস্তবায়নের জন্য কোনো নতুন প্রকল্প গ্রহণের পূর্বে এসব প্রকল্প প্রস্তাব ও সংশ্লিষ্ট ঋণ প্রস্তাব পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে।
অর্থমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে বৈদেশিক ঋণে নতুন কোনো অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ না করা এবং বৈদেশিক ঋণের প্রকল্পগুলো যাতে ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠণ ও পুনরুদ্ধারে সরকারের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সংগতিপূর্ণ হয়।
তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রকল্প গ্রহণের বিষয়েও লক্ষ্য রাখা হচ্ছে।
বিশেষ করে উচ্চ সুদের ও স্বল্পমেয়াদি অনমনীয় শর্তের বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার মার্চ ২০২৬ থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ২৯৫০.৫২ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে।
প্রতিনিধির নাম 
























