স্পোর্টস ডেস্ক: স্পেনের সাবেক মিডফিল্ডার হুয়ান মাতা তাঁর দীর্ঘ ও বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করেছেন। ৩৮ বছর বয়সে তিনি পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপজয়ী এই ফুটবল তারকা স্পেনের হয়ে ৪১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ক্লাব ফুটবলে চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও একাধিক ঘরোয়া শিরোপা জিতেছেন।
২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ এবং ২০১২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপজয়ী স্পেন দলের সদস্য ছিলেন মাতা।
ভ্যালেন্সিয়ার হয়ে নিজের প্রতিভার জানান দেন এই মিডফিল্ডার। ক্লাবটির হয়ে কোপা দেল রে জয়ের পর ২০১১ সালে চেলসিতে যোগ দেন তিনি।
লন্ডনের ক্লাবটির হয়ে ২০১২ সালে চ্যাম্পিয়ন্স লিগসহ বেশ কয়েকটি শিরোপা জেতেন মাতা। এরপর ২০১৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন। পরে তুরস্কের গ্যালাতাসারে, জাপানের ভিসেল কোবে, ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স হয়ে সবশেষ মেলবোর্ন ভিক্টরিতে খেলেন তিনি।
নিজের ওয়েবসাইটে মাতা আরও লেখেন, ‘ফুটবল কখনোই আমার জীবন থেকে হারিয়ে যাবে না।
‘খেলাটির প্রতি ভালোবাসা অব্যাহত রাখার অনেক উপায় রয়েছে। উন্নয়নের বাহন হিসেবে ফুটবলকে কাজে লাগানোরও অনেক সুযোগ আছে।
‘পেশাদার ফুটবল খেলা হয়তো বন্ধ করছি, কিন্তু কখনোই ফুটবলার হওয়া বন্ধ করব না।’
মেলবোর্ন ভিক্টরি ক্লাবের সংখ্যালঘু মালিকানা কিনে নেওয়ায় অবসরের পরও ক্লাবটির সঙ্গে যুক্ত থাকছেন মাতা।
এ ছাড়া ফর্মুলা ওয়ান দল আলপাইন এবং মেজর লিগ সকারের ক্লাব সান ডিয়েগো এফসিতেও তার অংশীদারত্ব রয়েছে।
২০১৭ সালে ‘কমন গোল’ নামের দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন মাতা। এর মাধ্যমে নিজের বেতনের অন্তত এক শতাংশ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে দান করে আসছেন তিনি।
প্রতিনিধির নাম 

























