ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার :কক্সবাজারের টেকনাফে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা।
রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের নাফ নদীসংলগ্ন নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার একটি ঝাউবনে এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও এসআরবির একটি যৌথ আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় দুই সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। একপর্যায়ে তারা অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন রিয়াজ (২৯) ও মো. জাবের আলী (৩২)। তারা উখিয়ার পালংখালী ইউনিয়নের যথাক্রমে রোহিঙ্গা ক্যাম্প-১৭-এর সি ব্লক এবং ক্যাম্প-১৫-এর জি ব্লকের বাসিন্দা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার ও সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।
বিজিবির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক দুই ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এসআরবি ২২ নভেম্বর নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করেছে।
প্রতিনিধির নাম 





















