ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে এক টমটমচালককে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর ব্যবহৃত টমটম ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রোববার রাত ৮টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা কবরস্থানের পাশের সড়কে।
ভুক্তভোগী মো. আলম (৩৫) সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া এলাকার বাসিন্দা। তিনি জানান, সন্ধ্যায় ঝর্ণাচত্বর এলাকা থেকে ভাড়ায় যাত্রী নিয়ে দরগাহছড়ায় যান। যাত্রী নামিয়ে ফেরার সময় হাতিয়ার ঘোনা এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত রাস্তার ওপর ব্যারিকেড তৈরি করে তাঁর পথরোধ করে।
একপর্যায়ে দুর্বৃত্তরা তাঁকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে এবং মারধর করে। পরে তাঁর টমটমটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। হঠাৎ ঘটে যাওয়া এ ঘটনায় তিনি কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।
ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ চালানো হলেও ছিনতাই হওয়া টমটমের কোনো সন্ধান মেলেনি। আহত অবস্থায় পরে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।
এদিকে, টমটম ছিনতাইয়ের ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, সড়কে নিরাপত্তা জোরদার এবং ছিনতাইকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, হাতিয়ার ঘোনা ও আশপাশের উপকূলীয় এলাকাকে কেন্দ্র করে মানবপাচার, ছিনতাই ও অন্যান্য অপরাধের অভিযোগ দীর্ঘদিনের। এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। টমটম ছিনতাইয়ের ঘটনাটিও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্তে কাজ শুরু হয়েছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। অপরাধী যেই হোক, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা আরও বাড়ানো হয়েছে।
প্রতিনিধির নাম 


















