মোহাম্মদ রাসেল মির্জা , টেকনাফ: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
সোমবার (১৫ জুন) দুপুর ১টায় র্যাব-১৫ এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলো- টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বাহারছড়া এলাকার বাসিন্দা জহির আহমদের ছেলে মনছুর আলম (৪২)।
র্যাব জানায়, টেকনাফ সীমান্তবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক নির্মূলে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার ভোর সাড়ে ৫টায় টেকনাফ পৌর শহরের ঝর্ণা চত্বরে দায়িত্ব পালনকালে র্যাব সদস্যরা তথ্য পান যে, সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাহারছড়া এলাকায় এক ব্যক্তি তার দোতলা বাড়িতে অবৈধ অস্ত্র ও মাদক মজুত করে রেখেছে। সংবাদের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সকাল ৬টা ১৫ মিনিটে র্যাবের আভিযানিক দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চারদিক থেকে ঘেরাও করে তাকে আটক করা হয়।
অভিযানে তার হেফাজত থেকে একটি বিদেশি তৈরি পিস্তল, একটি খালি ম্যাগাজিন এবং দুই রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি নিজের হেফাজতে রাখার দায়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক) ও ১৯(ফ) ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, একই সঙ্গে উদ্ধারকৃত আলামত ও আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধির নাম 


















