এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: মানব পাচার এবং চোরাচালান প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও অংশীজনদের সমন্বিত উদ্যোগ গড়ে তুলতে মঙ্গলবার (১৬ জুন, ২০২৬) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ সেনসিটাইজেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ অংশ নেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।অনুষ্ঠানটির সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সিফাত উদ্দিন
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে শুধু প্রশাসনের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। এজন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সমাজের সকল স্তরের অংশীজনদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বিশেষ করে সীমান্তবর্তী এলাকা ও ট্রানজিট পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অপরাধীদের দমনে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
বক্তারা কর্মশালায় মানব পাচারের কৌশল, চোরাচালানের ক্ষতিকর প্রভাব এবং ভুক্তভোগীদের সুরক্ষায় করণীয় নিয়ে আলোচনা করেন। অংশীজনরা তথ্য আদান-প্রদান, আন্তঃসংস্থা সমন্বয় এবং গণসচেতনতামূলক প্রচারণা জোরদারের ওপর একমত পোষণ করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ সহ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধির নাম 


















