ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার কোর্টবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. জসিমকে (৩০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছিলেন।
রোববার (১১ অক্টোবর) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল উখিয়া থানার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার জসিম টেকনাফ থানার পূর্ব পালংখালী এলাকার মৃত বশির আহম্মেদের ছেলে। তাঁর বিরুদ্ধে চাঁদপুর সদর থানায় মাদকদ্রব্য-সংক্রান্ত একটি মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত সাজা দেন। সাজা ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
এসআরবি-১৫-এর সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধির নাম 


















