আমির হামজার নামে ছড়ানো — কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথোপকথনের অডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের কোনো প্রমাণ পায়নি ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট। প্রতিষ্ঠানটি একাধিক অনলাইন টুলের মাধ্যমে অডিওগুলো পরীক্ষা করে এই তথ্য নিশ্চিত করেছে।
দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, অডিওগুলোর সত্যতা যাচাইয়ের জন্য প্রযুক্তিগত পরীক্ষার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও অন্যান্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করা হয়। তবে আমির হামজা ও তাঁর ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, ফলে কথোপকথনগুলো কার সঙ্গে এবং কোন প্রেক্ষাপটে হয়েছে, তা নিশ্চিত করা যায়নি।
প্রতিবেদন অনুযায়ী, গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন নিজের ফেসবুক পোস্টে আমির হামজার কথিত নারীঘটিত কথোপকথনের অডিও ও ভিডিও থাকার দাবি করেন। তিনি জানান, ফ্যাক্টচেক করে এসব তথ্যের সত্যতা পেয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে এক ব্যক্তিকে ক্ষমা চাওয়া ও অনুতপ্ত হওয়ার কথা বলতে শোনা যায়। ওই ব্যক্তির কণ্ঠে বলা হয়, ‘আপনাদের ওপর আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান কিছুই নেই। ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পরে আমি নিজেই অনুতপ্ত।’
এদিকে, ৬ নভেম্বর বগুড়ার নুনগোলা ইউনিয়নের হাজরাদীঘি উত্তরপাড়ায় একটি ওয়াজ মাহফিলে বক্তব্য দেন আমির হামজা। সেখানে তিনি নিজের সম্মানহানির অভিযোগ তুলে বলেন, তাঁর বিরুদ্ধে প্রচারিত বক্তব্যের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। এ ঘটনার পেছনে ভারত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়ী করে ক্ষোভও প্রকাশ করেন তিনি।
তবে ওই মাহফিলে আমির হামজা তাঁর নামে ছড়িয়ে পড়া অডিওগুলো সরাসরি এআই দিয়ে তৈরি বা সম্পাদিত বলে দাবি করেননি। তাঁর বক্তব্যের একটি অংশকে কেন্দ্র করে পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন পোর্টালে অডিও-ভিডিওগুলো এআই দিয়ে তৈরি বলে প্রচার করা হয়।
দ্য ডিসেন্ট জানিয়েছে, একাধিক অনলাইন টুলে পরীক্ষা করেও অডিওগুলোতে এআই প্রযুক্তি ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে এই পরীক্ষার ফল থেকে অডিওগুলোর প্রকৃত উৎস কিংবা কথোপকথনের প্রেক্ষাপট নিশ্চিত হওয়া যায় না।
অন্যদিকে, আমির হামজার নামে কথিত অডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রাশেদ খাঁনকে ঘিরে নেতিবাচক প্রচারণা শুরু হয়। দ্য ডিসেন্টের অনুসন্ধানে দেখা গেছে, গত চার দিনে তাঁকে নিয়ে অন্তত ১১৮টি নেতিবাচক ভিডিও প্রকাশ করা হয়েছে।
এসব ভিডিওতে রাশেদ খাঁনকে বিকৃত নামে সম্বোধন, ব্যক্তিগত ও পারিবারিক আক্রমণ, ধর্মবিরোধী আখ্যা দেওয়ার পাশাপাশি এআই দিয়ে তৈরি আপত্তিকর ছবি ও ভুয়া অডিও প্রচার করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিনিধির নাম 

























