নরসিংদীতে এনপিবি নিউজের প্রথম — নরসিংদীতে অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহবুব রহমান। সভাপতিত্ব করেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্সের পরিচালক এম এ কাইয়ুম।
এছাড়া অনুষ্ঠানে নরসিংদী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি নিবারণ রায়, প্রেস ক্লাবের সহসভাপতি হলধর দাস, সাংবাদিক প্রীতি রঞ্জন সাহা, হামিদুল হক আহাদ, মো. আমজাদ হোসেন, আরিফুল হাসান, প্রধান শিক্ষক আল আমিন গাজী, কবি আসাদ সরকারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাংবাদিকতা ও অন্যান্য ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পাঁচ গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সাংবাদিকতায় অবদানের জন্য দৈনিক ইত্তেফাকের নরসিংদী জেলা প্রতিনিধি নিবারণ রায়, শিক্ষকতায় অবদানের জন্য প্রতিভা দুখু মিয়া কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা আলতাফ হোসেন দুখু মিয়া, কৃষিতে অবদানের জন্য স্মার্ট এগ্রো কেয়ারের জাকির খাঁন, সাহিত্যে অবদানের জন্য ‘সাহিত্যের সন্ধান’-এর প্রতিষ্ঠাতা কবি ও ছড়াকার আসাদ সরকার এবং ক্রীড়ায় অবদানের জন্য রোমান সরকারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদমাধ্যম শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, বরং সমাজের ইতিবাচক পরিবর্তন, জনসচেতনতা সৃষ্টি এবং মানুষের অধিকার তুলে ধরার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গুণীজনদের সম্মাননা প্রদানের উদ্যোগকে তাঁরা সাধুবাদ জানান।
বক্তারা এনপিবি নিউজের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন।
এনপিবি নিউজের প্রথম বছরের পথচলা উদ্যাপনের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণী ব্যক্তিদের সম্মান জানানো হয়। অনুষ্ঠানের আয়োজন ছিল উৎসবমুখর, যা স্থানীয় সাংবাদিক ও সুধীজনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
প্রতিনিধির নাম 






















