ঢাবির ৬ সহকারী প্রক্টরের — ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছয়জন সহকারী প্রক্টর পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মধ্যে তিনজন ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং বাকি তিনজনও শিগগিরই পদত্যাগপত্র জমা দিতে পারেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পদত্যাগের অনুরোধ এবং পারিপার্শ্বিক চাপের কারণে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। পদত্যাগপত্র জমা দেওয়া তিন শিক্ষক হলেন আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার। বুধবার তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাংয়ের মাধ্যমে উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া অপর তিন শিক্ষক হলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর, ক্রিমিনোলজি বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম সোহাগ এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তারাও শিগগিরই পদত্যাগপত্র জমা দিতে পারেন।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, বুধবার প্রক্টরের সঙ্গে তার দেখা হলে তিনি পারিপার্শ্বিক চাপের কথা জানান। এ সময় পদত্যাগ করলে ভালো হবে কি না, তা জানতে চান তিনি। পরে প্রক্টর তাকে পদত্যাগের অনুরোধ করেন। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
তিনি আরও বলেন, তার জানা মতে, মোট ছয়জন সহকারী প্রক্টর পদত্যাগ করতে পারেন। এর মধ্যে তিনজন ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বাকি তিনজনও জমা দেবেন বলে শুনেছেন। তবে প্রক্টর সরাসরি কোনো নির্দেশ দেননি; বরং পারিপার্শ্বিক চাপের কথা জানিয়ে পদত্যাগের অনুরোধ করেছেন।
অন্যদিকে, পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত, পারিবারিক ও একাডেমিক ব্যস্ততার কথা উল্লেখ করেছেন সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার। তিনি বলেন, এসব কারণেই পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্রেও তা উল্লেখ করেছেন।
ছয়জনের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে পদত্যাগ করেছি। তবে শুনেছি ছয়জন পদত্যাগ করেছেন। যদিও বিষয়টি সম্পর্কে আমি নিশ্চিত নই।’
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে এসব শিক্ষক সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পান। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাংয়ের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
প্রতিনিধির নাম 
























