যাত্রা ও সার্কাস শিল্পের — বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যাত্রা ও সার্কাস শিল্পের সংকট, সম্ভাবনা এবং মানোন্নয়নের লক্ষ্যে একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত এ কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১২টি সার্কাস দল ও ৩৫টি যাত্রাদলের মালিক, পরিচালক, ব্যবস্থাপক ও শিল্পীরা অংশ নেন।
কর্মশালায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা মাঠপর্যায়ে তাদের বিভিন্ন সমস্যা ও সংকট তুলে ধরেন। বিশেষ করে প্রদর্শনীর অনুমতি না পাওয়া, আর্থিক সংকট, নিরাপত্তা এবং স্থানীয় প্রশাসনের অসহযোগিতার বিষয়গুলো আলোচনায় আসে।
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘যাত্রা ঐতিহ্যগতভাবে একটি সাংস্কৃতিক মাধ্যম। সার্কাস ও যাত্রাপালার সামাজিক মর্যাদা ফিরিয়ে আনতে প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এগুলোকে নতুনভাবে সাজাতে হবে। তরুণ প্রজন্মকে যুক্ত করতে হলে যাত্রার নিজস্ব আঙ্গিক ঠিক রেখে কিছু পরিবর্তন আনতে হবে।’
তিনি আরও বলেন, ‘এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চাই।’ সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বিশেষ অতিথির বক্তব্যে জানান, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা যাত্রা ও সার্কাসকে আবার পুনরুজ্জীবিত করতে চাই। সরকার আপনাদের শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে চায়।’
তিনি ডিসেম্বরে জাতীয় সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনার কথাও উল্লেখ করেন। সেখানে যাত্রা, সার্কাস, রবীন্দ্রসংগীত ও ভাওয়াইয়াসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। দেশের ৬৪ জেলায় একযোগে বড় মেলার আয়োজন করা হবে এবং এতে যাত্রা ও সার্কাস দলগুলোকে যুক্ত করা হবে।
এ জন্য আগামী তিন থেকে পাঁচ দিনের মধ্যে পরিবেশনা ও শিল্পীদের তালিকাসহ প্রস্তাব জমা দিতে দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ‘স্থানীয় ঐতিহ্যগুলোকে তুলে ধরতে হবে। যাত্রা ও সার্কাস দলের সমস্যা সমাধানে শিল্পকলা একাডেমি এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিযুক্ত করা হবে।’
তিনি আরও জানান, তারা সরাসরি দলগুলোর সমস্যার কথা শুনবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। প্রদর্শনীর অনুমতি, নিরাপত্তা ও আয়োজনের বিষয়গুলো দেখার দায়িত্ব নেওয়ার কথাও জানান তিনি।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম বলেন, ‘আমরা আপনাদের পাশে আছি। আপনাদেরও নিশ্চিত করতে হবে, যাতে যুবসমাজ সঠিক পথে চলে এবং পরিবারসহ সবাই যাত্রাপালা উপভোগ করতে পারে।’
কর্মশালায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাঃ হারুন-অর-রশীদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. শাহমান মৈশান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান রুবাইয়া জাবীন প্রিয়তা।
কর্মশালায় জানানো হয়, সারা দেশে দুই শতাধিক যাত্রা ও সার্কাস দল নিবন্ধিত রয়েছে। তবে নিবন্ধিত এসব দলের বর্তমান অবস্থা, কার্যক্রম পরিচালনার প্রতিবন্ধকতা, প্রদর্শনীর ক্ষেত্রে অনিশ্চয়তা এবং আর্থিক সংকট পর্যালোচনা করে কার্যকর উদ্যোগ নেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
প্রতিনিধির নাম 
























