তাবিজ কবজ ও আর্থিক — যশোর সদর উপজেলার মুনসেফপুরে বিএনপি নেতা শেখ আবু তালেবকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন শফিয়ার শেখ। তিনি আদালতে জানান, তাবিজ-কবজ এবং টাকা-পয়সা নিয়ে বিরোধের জেরে আবু তালেবকে হত্যা করেছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নিহত আবু তালেবের ছেলে শাহাজান আলী বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলায় শফিয়ার শেখকে একমাত্র আসামি করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, শফিয়ার তার জবানবন্দিতে বলেন, আবু তালেব ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন সময় তার বিরুদ্ধে তাবিজ-কবজ করতেন। এছাড়া, টাকা-পয়সা নিয়েও তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। এসব বিরোধের জেরেই তিনি আবু তালেবকে হত্যা করেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল জবানবন্দি গ্রহণ শেষে শফিয়ারকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, শফিয়ার শেখ নিহত আবু তালেবের ফুফাতো ভাই। আবু তালেব গ্রামের মাতব্বর হিসেবে বিভিন্ন সালিশে অংশ নিতেন। শফিয়ারের উচ্ছৃঙ্খল আচরণ নিয়ে স্থানীয় লোকজন বিভিন্ন সময় আবু তালেবের কাছে অভিযোগ করতেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি শফিয়ারকে শাসন করতেন।
একপর্যায়ে শফিয়ার এলাকা ছেড়ে মাগুরায় চলে যান। সম্প্রতি তিনি এলাকায় ফিরে আবারও উচ্ছৃঙ্খল আচরণ শুরু করেন। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় আবু তালেবের ওপর ক্ষুব্ধ হন শফিয়ার। এজাহারে আরও বলা হয়, বুধবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে আবু তালেবকে পেয়ে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেন শফিয়ার।
নিহত আবু তালেব মুনসেফপুর গ্রামের মৃত শেখ মোতালেবের ছেলে। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য ছিলেন। অপরদিকে, শফিয়ার একই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, শফিয়ার আদালতে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তবে হত্যার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রতিনিধির নাম 























