রাশেদ খাঁনের ‘লংমার্চ টু — প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বিরোধী দলকে ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এমন কর্মসূচিকে তিনি সমর্থন ও সাধুবাদ জানাবেন।
বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। রাশেদ খাঁন টুঙ্গিপাড়ায় নাশকতার কারণে বিভিন্ন সেবা সরবরাহে সমস্যার কথা উল্লেখ করেন। তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, চিকিৎসা, ব্যাংকিং, আইনি, পুলিশি ও শিক্ষাসেবা সরবরাহ কঠিন হয়ে পড়েছে।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সামনে নিত্যপণ্যের সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। নিরাপত্তাহীনতার কারণে ব্যবসায়ীরা শপিংমল ও দোকানপাট খোলা রাখতেও সাহস করবেন না। রাশেদ খাঁন বলেন, এভাবে চলতে থাকলে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের শাসনামলের ১৯৭৪ সালের দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
রাশেদ খাঁন আরও বলেন, স্থানীয় বাসিন্দারাই আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করবেন। তিনি উল্লেখ করেন, ‘ভাত দে হারামজাদা, নইলে তোদের শেখ হাসিনাকে ফিরিয়ে আনার স্বপ্নের গুষ্টি মারব।’
বিএনপি সরকারের বিরুদ্ধে অভিযোগ করে রাশেদ খাঁন বলেন, তারা হতাহতের রাজনীতিতে বিশ্বাস করে না। গুম, খুন, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিএনপি দীর্ঘ ১৬ বছর সংগ্রাম করেছে। এ কারণে টুঙ্গিপাড়ার পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হচ্ছে।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় সাধারণ মানুষকেই এগিয়ে আসতে হবে। রাশেদ খাঁন বলেন, টুঙ্গিপাড়ার পরিস্থিতির সমাধান সেখানকার মানুষের মধ্য থেকেই খুঁজে বের করতে হবে।
তিনি সতর্ক করে বলেন, সরকার কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে হতাহতের ঘটনা ঘটতে পারে এবং সেটিকে কেন্দ্র করে দেশে-বিদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে রাজনৈতিক প্রচার চালানো হতে পারে।
পোস্টের শেষে তিনি প্রশ্ন তোলেন, টুঙ্গিপাড়ায় কেন শুধু বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ও কার্যালয়ে আগুন দেওয়া হচ্ছে, অথচ জামায়াতের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘর অক্ষত রয়েছে।
প্রতিনিধির নাম 























