সশস্ত্র বাহিনীর গৌরবময় ভূমিকা — প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশের পক্ষে ইতিবাচক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত।
আগামীকাল ২১ নভেম্বর ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, ২১ নভেম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেন। মুক্তিবাহিনী, আধা সামরিক বাহিনীর সদস্য ও দেশপ্রেমিক সাধারণ মানুষও এতে অংশ নেন, যা মুক্তিযুদ্ধের লড়াইকে নতুন মাত্রা দেয়।
প্রধানমন্ত্রী বলেন, এ ঐতিহাসিক গুরুত্বের কারণে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে তিনি সেনা, নৌ ও বিমানবাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমানের সামরিক বাহিনীর কর্মকর্তা হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, এটি সশস্ত্র বাহিনীর ইতিহাসের একটি গৌরবময় ও ঐতিহাসিক ঘটনা। তিনি সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরে বলেন, সাহসিকতা, শৌর্য ও শৃঙ্খলার মধ্য দিয়ে গড়ে ওঠা এই বাহিনী জাতির গর্বিত প্রতিষ্ঠান।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বাহিনীর সদস্যরা অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, দক্ষতা ও কর্মক্ষমতার কারণে বাংলাদেশের সদস্যরা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হয়েছেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে বাংলাদেশের অন্যতম শীর্ষ অবস্থান দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। ভবিষ্যতেও এ অবদান অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন জাতীয় সংকটের সময় সশস্ত্র বাহিনীর ভূমিকার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এসব কর্মকাণ্ড বাহিনীকে মানুষের আস্থার প্রতীকে পরিণত করেছে।
তারেক রহমান সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সশস্ত্র বাহিনীকে সুশৃঙ্খল, ক্ষিপ্র ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার উদ্যোগের কথাও স্মরণ করেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলেও বাহিনীর আধুনিকায়নের ধারা অব্যাহত ছিল।
বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিনির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চলছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গৌরব ও শৌর্য-বীর্যের প্রতীক সশস্ত্র বাহিনী।
প্রধানমন্ত্রী তার বাণীর শেষাংশে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠসহ দেশমাতৃকার জন্য প্রাণ দেওয়া সশস্ত্র বাহিনীর সব সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’-এর সব কর্মসূচির সাফল্য কামনা করেন এবং বাহিনীর সদস্য ও তাঁদের পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
প্রতিনিধির নাম 






















