সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে — সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে সহমর্মিতা প্রকাশ করেন।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
প্রতিনিধি দলে আরও ছিলেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিসিক নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল, কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের আমীর মো. আজিজুল ইসলাম, সেক্রেটারি পারভেজ আহমদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু। স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে জামায়াত নেতৃবৃন্দ বলেন, নগরজুড়ে একের পর এক অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা উদ্বেগজনক। ইতোমধ্যে নগরীতে ছয়টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তারা বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনা নগরীর নিরাপত্তা পরিস্থিতির জন্য হুমকিস্বরূপ। এ ধরনের ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হচ্ছে।
নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অগ্নিসন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তারা এসব ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে প্রতিমন্ত্রীর বাসভবনের গলির প্রধান ফটকের ভেতরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
প্রতিনিধির নাম 






















