ত্বকী হত্যার বিচার ও — তানভীর মুহাম্মদ ত্বকীর ৩১তম জন্মবার্ষিকী উপলক্ষে দ্বাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের আয়োজন করে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও অর্থনীতিবিদ আনু মুহাম্মদ এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। সভাপতিত্ব করেন রফিউর রাব্বি।
সুলতানা কামাল অনুষ্ঠানে বলেন, "বাংলাদেশের মৌলিক অধিকার, মানবাধিকার ও মানবিকতাবোধের কথা বারবার উচ্চারিত হলেও আমরা যেন দেশের প্রকৃত স্বরূপ ভুলে গেছি। ত্বকী ছিল বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশের প্রতীক। কিন্তু ত্বকী হত্যার বিচার না হওয়া রাষ্ট্রের চরিত্র নিয়ে প্রশ্ন তৈরি করে।"
তিনি আরও বলেন, "রাজনীতি, সংস্কৃতি, সমাজচিন্তা ও মানুষের মননে বড় ধরনের ধস নেমেছে। মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় শক্তি ছিল ঐক্য। অথচ বর্তমানে সমাজে বিভাজন ও বিচ্ছিন্নতা বাড়ছে। ত্বকী মঞ্চের মতো উদ্যোগ অন্যায়কে স্মরণে রাখা এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।"
আনু মুহাম্মদ বলেন, "নারীর স্বাধীন চলাফেরা, পড়াশোনা, লেখালেখি, ছবি আঁকা, গান ও নৃত্যচর্চা একটি গোষ্ঠীর কাছে অসহনীয় হয়ে উঠেছে। ধর্মকে ব্যবহার করে ফতোয়া দেওয়ার পাশাপাশি সরাসরি হামলা ও সহিংসতা চালানো হচ্ছে। নাটক, গান ও কবিতার ওপর আক্রমণ হচ্ছে। শিক্ষক, সাংবাদিক, লেখক ও শিল্পীরাও আতঙ্কের মধ্যে রয়েছেন।"
তিনি উল্লেখ করেন, "স্বাধীনতার ৫৫ বছর পরও একজন নাগরিক শান্তিতে সংস্কৃতিচর্চা, বিজ্ঞান গবেষণা কিংবা লেখাপড়া করতে পারছেন না। ক্ষমতার অনুগ্রহ বা অংশীদার না হলে মানুষকে আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। এ পরিস্থিতি থেকে মুক্তির জন্য হাল ছেড়ে দেওয়া যাবে না।"
ত্বকী হত্যার বিচারের দাবিতে দীর্ঘদিনের আন্দোলনের প্রসঙ্গ টেনে আনু মুহাম্মদ বলেন, "ত্বকী শুধু রফিউর রাব্বির সন্তান নয়, সে বাংলাদেশের সন্তান। ১৩ বছর ধরে নারায়ণগঞ্জের সংগঠকদের বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া সাহস ও অনুপ্রেরণার দৃষ্টান্ত।"
মফিদুল হক বলেন, "২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ত্বকী হত্যার বিচারের বিষয়ে আশার সৃষ্টি হলেও ক্ষমতার পরিবর্তনের পরও বাস্তব অগ্রগতি হয়নি। অপরাধীদের সঙ্গে ক্ষমতার কাঠামোর যোগসূত্র থাকায় বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।"
তিনি বিচারহীন ১০টি হত্যাকাণ্ডকে প্রতীকী মামলা হিসেবে চিহ্নিত করে জাতীয় উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেন। এসব মামলা মানবাধিকার কমিশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে উত্থাপন করে বিচারের দাবি জানানো এবং ডিজিটাল মাধ্যম ও তরুণদের সম্পৃক্ত করে আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে জাহিদুল হক দীপু বলেন, "ত্বকী একজন সম্ভাবনাময় কিশোর ছিল। তার মেধার বিকাশের পাশাপাশি নতুন প্রজন্মের সৃজনশীলতা বিকাশের লক্ষ্যেই গত ১২ বছর ধরে জাতীয় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।"
তিনি জানান, এবারের আয়োজনে সারা দেশ থেকে ৮০০টির বেশি রচনা জমা পড়েছে এবং ৩০০টির বেশি প্রতিযোগী চিত্রাঙ্কনে অংশ নিয়েছে। প্রত্যন্ত অঞ্চলের প্রতিযোগীরাও ভালো করেছে। অন্যায়ের প্রতিবাদ, মানুষ ও দেশকে ভালোবাসার চেতনা ছড়িয়ে দেওয়াও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে ত্বকীর স্মৃতি, মুক্তচিন্তা, মানবিকতা ও সৃজনশীলতার চর্চা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। এর দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রতিনিধির নাম 






















