কক্সবাজারে একদিনে সড়ক ও — কক্সবাজারে শুক্রবার (২০ নভেম্বর) একদিনে সড়ক ও রেলপথে একাধিক দুর্ঘটনায় অন্তত আটজনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে রয়েছে দুই শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। দুর্ঘটনাগুলো ঘটেছে রামু, কক্সবাজার সদর ও মহেশখালীতে।
শুক্রবার দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথা রেলক্রসিংয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়। এতে একই পরিবারের চারজন নিহত হন। নিহতদের মধ্যে রয়েছেন মো. রুবেল (৩১), তার বোন কাসফিয়া (২৪), কাসফিয়ার ১৮ মাস বয়সী ছেলে সাহিল এবং রুবেলের ছয় মাস বয়সী শিশুকন্যা মাশ্রুফা।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা দক্ষিণ মিঠাছড়ি থেকে রাজারকুলের দিকে যাচ্ছিলেন। কাটিরমাথা রেলক্রসিং অতিক্রমের সময় ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর কাসফিয়া ঘটনাস্থলেই মারা যান এবং পরে হাসপাতালে নেওয়ার পথে অন্য তিনজনের মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, ওই রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় রয়েছে।
এছাড়া, একই দিনে সকালে রামুর খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান স্টেশন এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন ১৬ বছর বয়সী নাদিম হাসান। স্থানীয় সূত্র জানায়, বিপরীত দিক থেকে আসা একটি এসি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নাদিমের মৃত্যু হয়।
মহেশখালীতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ঘটে আরেকটি দুর্ঘটনা। মাতারবাড়ী প্রকল্পের বন্দর সড়কে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারান দুই যুবক। নিহতরা হলেন মো. শাহীন (২৪) এবং সৌদি আরবফেরত ইকবাল (২৫)। আহত হন মোহাম্মদ কাইয়ুম (২৪)। স্থানীয়রা জানান, ওইদিন বৃষ্টি হচ্ছিল এবং সড়কটি পিচ্ছিল ছিল।
শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া বাজারের পশ্চিম পাশে শামান্তা গ্যাস ফিলিং স্টেশনের সামনে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন তামিম ইকবাল নামের এক স্কুলছাত্র। তিনি বাইতুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী।
একদিনে এতগুলো প্রাণহানির ঘটনায় কক্সবাজারজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনাগুলোর পর সড়ক ও রেলপথের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে অরক্ষিত রেলক্রসিং, ঝুঁকিপূর্ণ সড়ক এবং যানবাহন চলাচলে অসতর্কতা এসব মৃত্যুর পেছনে কতটা দায়ী, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
প্রতিটি দুর্ঘটনার পেছনে কারণ আলাদা হলেও পরিণতি এক। মুহূর্তের দুর্ঘটনায় নিভে যাচ্ছে তরতাজা প্রাণ, স্বজন হারিয়ে অসহায় হয়ে পড়ছে পরিবারগুলো। কক্সবাজারের সড়ক ও রেলপথের নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা আবারও সামনে এসেছে।
প্রতিনিধির নাম 






















