ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর গণধর্ষণ ও অপহরণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. রশিদ (২৮)কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
র্যাব জানায়, অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৪ মে ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে টেকনাফ পৌরসভার শাপলা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
গ্রেফতার রশিদ টেকনাফ পৌরসভার কুলালপাড়া এলাকার বাসিন্দা এবং আলী আহম্মদ ওরফে আলী মিয়ার ছেলে। বর্তমানে তিনি লেঙ্গুরবিল আদর্শগ্রাম এলাকায় বসবাস করছিলেন বলে জানা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, তিনি টেকনাফ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলার এজাহারনামীয় আসামি। ঘটনার পর থেকেই তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধির নাম 

















