ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় গ্যাস সিলিন্ডারের ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র পালংখালী বিওপির বিশেষ টহল দল উলুবনিয়া পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম বাবু (২২) উখিয়া উপজেলার পূর্ব ফারির বিল এলাকার মৃত ফরিদ আলমের ছেলে।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, সন্দেহজনক একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়িতে থাকা একটি গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ৪ কার্টনে রাখা ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি।
উদ্ধারকৃত ইয়াবা, ব্যবহৃত অটোরিকশা ও গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং অভিযান আরও জোরদার করা হয়েছে।
প্রতিনিধির নাম 


















