মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মৌলভীবাজার : মৌলভীবাজার পৌর শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে শুক্লা সিং (২৪) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও এটি পরিকল্পিত হ*ত্যা কিনা সে বিষয়েও তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (১৩ মে ২০২৬) রাত প্রায় ৮টার দিকে শহরের মুসলিম কোয়ার্টার এলাকার মোছাম্মদ ইয়াফা খানম চৌধুরী ভবনের একটি ফ্ল্যাট থেকে তার ম*রদেহ উদ্ধার করা হয়।
নিহত শুক্লা সিং কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামের রঞ্জিত সিংয়ের মেয়ে। তিনি মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতালের রিসিপশন (অভ্যর্থনা) শাখায় কর্মরত ছিলেন। কর্মসূত্রে তিনি শহরের ওই ভবনের একটি ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে ঘটনাটির বিভিন্ন দিক তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এদিকে তরুণীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে স্থানীয়দের মাঝেও নানা প্রশ্ন দেখা দিয়েছে। রহস্যজনক এ মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন সচেতন মহল।
প্রতিনিধির নাম 


















