এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : বৃহৎ জনকল্যাণের স্বার্থে এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘবের দাবিতে আগামী ১১ আগস্ট, মঙ্গলবার সকাল ১০টায় নারায়ণগঞ্জের চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে গণমিছিলের আয়োজন করা হয়েছে। প্রিপেইড মিটার ব্যবস্থা বাতিলের দাবিতে এই গনমিছিল অনুষ্ঠিত হবে।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম এই কর্মসূচির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রিপেইড মিটার চালুর পর থেকে সাধারণ ভোক্তারা অতিরিক্ত বিল, অগ্রিম রিচার্জ ও কারিগরি জটিলতার কারণে নাভিশ্বাস উঠেছে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনস্বার্থ বিরোধী এই ব্যবস্থা অবিলম্বে বাতিল করে আগের নিয়মে পোস্টপেইড মিটার পুনর্বহালের দাবি জানান তিনি।
অ্যাডভোকেট মাসুম আরও বলেন, মানুষের কষ্টের কথা সরকারকে বুঝতে হবে। বিদ্যুৎ একটি মৌলিক সেবা। সেই সেবাকে বাণিজ্যিক পণ্যে পরিণত করে জনগণের ওপর চাপিয়ে দেয়া যায় না। বৃহৎ জনকল্যাণে জনভোগান্তি লাঘব করতেই আমরা রাজপথে নামছি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মিছিলটি চাষাড়া শহীদ মিনার থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। এতে শ্রমজীবী, ব্যবসায়ী, শিক্ষক,সাংবাদিক, চাকুরীজীবী, আইনজীবীসহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণ করবে বলে জানা গেছে।
তিনি নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে নির্ধারিত সময়ে চাষাড়া শহীদ মিনারে উপস্থিত হয়ে এই গণমিছিল সফল করার আহ্বান জানান।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন স্থানে প্রিপেইড মিটার নিয়ে গ্রাহক অসন্তোষ বাড়ছে। অতিরিক্ত চার্জ, হঠাৎ লোড বন্ধ হয়ে যাওয়া এবং রিচার্জ জটিলতাকে কেন্দ্র করে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে।
প্রতিনিধির নাম 


















