এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল। IBAS++ সিস্টেমের মাধ্যমে আজ ১৫-৮-২৬ ইং শনিবার সকাল ১১ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশের সর্বোচ্চ সংখ্যক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর মাঝে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানটি জেলা পর্যায়ে সরাসরি সম্প্রচার করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা জুম প্ল্যাটফর্মের অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। তাদের অবসর জীবন যাতে সম্মান ও স্বাচ্ছন্দ্যের হয়, সেজন্য সরকার ডিজিটাল পদ্ধতিতে দ্রুত এবং স্বচ্ছভাবে অর্থ প্রদানের ব্যবস্থা করেছে।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আলীনুর খান, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আনোয়ার হোসেন এবং জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান।
জেলা প্রশাসক মো. রায়হান কবির আগত শিক্ষক-কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা কষ্ট করে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এজন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। জেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও আপনাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।
শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, IBAS++ এর মাধ্যমে আজ একযোগে সারাদেশের ৬৪টি জেলার ১ লাখ ২৩ হাজার অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীকে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান করা হয়। এর মধ্যে নারায়ণগঞ্জ জেলাতে সুবিধা পেয়েছেন ৩২৬ জন শিক্ষক-কর্মচারী।
উপস্থিত শিক্ষকরা ডিজিটাল পদ্ধতিতে সরাসরি ব্যাংক হিসাবে অর্থ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, আগে মাসের পর মাস অফিসে ঘোরার প্রয়োজন হতো, এখন ঘরে বসেই সুবিধা পাওয়া যাচ্ছে।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসন জানায়, পর্যায়ক্রমে যারা এখনো তালিকাভুক্ত হননি তাদেরও দ্রুত এই সুবিধার আওতায় আনা হবে।
প্রতিনিধির নাম 


















