ফরহাদ রহমান, স্টাফ রিপোর্টার কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে মাদক সেবনের অপরাধে দুই রোহিঙ্গা যুবককে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে তিন মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৫ মিনিটের দিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের বি-ব্লক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ১৬ এপিবিএনের নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের সদস্যরা।
আটকরা হলেন—মোহাম্মদ ইউসূফ (১৯) ও মোহাম্মদ হাসান (১৯)। এপিবিএন সূত্র জানায়, এসআই (নিঃ) আজিজুল হাকিমের নেতৃত্বে পুলিশের একটি দল ক্যাম্প এলাকায় অভিযান চালানোর সময় তাদের গাঁজা সেবনরত অবস্থায় আটক করে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের ক্যাম্প হেফাজতে নেওয়া হয়।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা নিতে তাদের ক্যাম্পের সিআইসি কার্যালয়ে হাজির করা হয়। সেখানে সিআইসি ও সিনিয়র সহকারী সচিব খানজাদা শাহরিয়ার বিন মান্নান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪৪(১) ধারা লঙ্ঘনের দায়ে উভয়কে তিন মাস করে সশ্রম কারাদণ্ড দেন।
সাজাপ্রাপ্ত দুজনই নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা। পরে বিষয়টি নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে নথিভুক্ত করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টেকনাফ থানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রতিনিধির নাম 


















