পূর্ব লাদাখের ন্যোমা বিমানঘাঁটিতে ১৩,৬২৯ ফুট উচ্চতায় আইএল-৭৬এমডি ভারী পরিবহন বিমান সফলভাবে অবতরণ করে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) একটি বিশ্ব রেকর্ড গড়েছে। বাহিনীর দাবি, এটি বিশ্বের যেকোনো স্থানে এ বিমানের সর্বোচ্চ উচ্চতার অবতরণ।
এই অর্জন দুর্গম উচ্চতায় ভারী পরিবহন বিমান পরিচালনার সক্ষমতা প্রদর্শন করে এবং অঞ্চলটিতে ভারতের কৌশলগত আকাশপথে পরিবহন ক্ষমতা আরও শক্তিশালী করেছে। আইএএফ তাদের এক্স-এ দেওয়া পোস্টে উল্লেখ করে, "১৩,৬২৯ ফুট। বিমান চলাচলের ইতিহাসে নতুন উচ্চতা।"
ন্যোমা ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি অগ্রবর্তী বিমানঘাঁটি, যা প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছে অবস্থিত। এটি সামরিক অভিযানে সহায়তা করতে সেনা, সরঞ্জাম ও প্রয়োজনীয় রসদ পৌঁছাতে সাহায্য করে।
এত উচ্চতায় ভারী বিমান অবতরণ করা অত্যন্ত কঠিন, কারণ পাতলা বাতাস ইঞ্জিনের কার্যক্ষমতা ও অবতরণের পরিস্থিতিকে প্রভাবিত করে। আইএএফ জানায়, এই সফল অভিযান ক্রুদের দক্ষতা ও পেশাদারিত্বের পাশাপাশি আইএল-৭৬এমডির সক্ষমতা প্রমাণ করেছে।
আইএল-৭৬এমডি একটি রুশ বংশোদ্ভূত চার ইঞ্জিনের ভারী পরিবহন বিমান, যা সামরিক কর্মী, ভারী সরঞ্জাম ও প্রয়োজনীয় রসদ দীর্ঘ দূরত্বে বহন করতে সক্ষম। এই সফল অবতরণ ভারতীয় সামরিক অভিযানে বিমানটির ভূমিকা এবং উচ্চ উচ্চতার এলাকায় সেনা ও সামরিক সরঞ্জাম পরিবহনের সক্ষমতা তুলে ধরেছে।
প্রতিনিধির নাম 

























