ডিআরইউ মিডিয়া কাপে দেশ — ওয়ালটন-ল্যাবএইড ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে টিম দেশ রূপান্তর। সোমবার পলটনের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইটিভিকে ৫ উইকেটে পরাজিত করে তারা।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত এই টুর্নামেন্টের দিনের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইটিভি। তবে দেশ রূপান্তরের বোলাররা শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করে প্রতিপক্ষের ব্যাটারদের চাপে রাখে। ফলে ইটিভি নির্ধারিত ৬ ওভারে ৪২ রানের বেশি করতে পারেনি। তাদের ৪টি উইকেট নেন ফয়সাল খান, শওকত আলী পলাশ ও অতিথি খেলোয়াড় মীর জসিম।
জয়ের জন্য ৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দেশ রূপান্তর শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে। কোনো উইকেট না হারিয়ে মাত্র দুই ওভারে লক্ষ্যে পৌঁছে যায় তারা। অধিনায়ক ফয়সাল খান দুটি ছক্কা ও দুটি বাউন্ডারিতে ২১ রান করেন। অন্য প্রান্তে মীর জসিম একটি ছক্কা ও দুই বাউন্ডারিতে ১৪ রান করে অপরাজিত থাকেন। অলরাউন্ড পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মীর জসিম ম্যাচ সেরা নির্বাচিত হন।
নকআউট পর্বের এই ম্যাচে দেশ রূপান্তর দলের নেতৃত্ব দেন ফয়সাল খান। দলের অন্যান্য খেলোয়াড়দের মধ্যে ছিলেন শওকত আলী পলাশ, জুনায়েদ শিশির, আরিফ শাওন, অতিথি খেলোয়াড় মীর জসিম, আব্দুল হামিদ, শাহেদ আলী ও ফজলুর রহমান। এছাড়া নাজমুল ইসলাম, এ কে সাইমুম, ইউসুফ কবির ও সৈয়দ মো. আবু খায়েরও দলের সদস্য ছিলেন।
ডিআরইউ ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলের সঞ্চালনায় খেলা শেষে বিভিন্ন জয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন ল্যাবএইডের সিইও ডা. সামবিত কুমার দাস, কর্মকর্তা মাসুদ আহমেদ, ওয়ালটনের সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
এ সময় সাংগঠনিক সম্পাদক এমএম জসিম, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ, কল্যাণ সম্পাদক রফিক মৃধা ও সদস্য সাদী উপস্থিত ছিলেন। আজ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
এবারের ওয়ালটন-ল্যাবএইড ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে মোট ৪৮টি গণমাধ্যমের দল অংশ নিচ্ছে। এর মধ্যে ২৩টি দৈনিক পত্রিকা, ১৭টি টেলিভিশন চ্যানেল ও ৮টি অনলাইন সংবাদমাধ্যম রয়েছে।
প্রতিনিধির নাম 

























