সাইবার হামলা ও অনলাইন — ডিজিটাল ব্যাংকিংয়ের প্রসারের সঙ্গে সাইবার হামলা ও অনলাইন জালিয়াতির ঝুঁকি বাড়ছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক গবেষণায় দেখা গেছে, দেশের অধিকাংশ ব্যাংক এই হামলা মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করেনি। গবেষণায় উল্লেখ করা হয়েছে, গ্রাহকসেবার অ্যাপে সাইবার হামলা বা নিরাপত্তা-সংক্রান্ত বড় কোনো ঘটনা ঘটলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য লিখিত ও নিয়মিত পরীক্ষিত পরিকল্পনা রয়েছে মাত্র ৩১ শতাংশ ব্যাংকের।
গবেষণায় আরও দেখা গেছে, ব্যাংকিং অ্যাপের লেনদেনের গতিবিধি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করে মাত্র ৪৪ শতাংশ ব্যাংক। অর্থাৎ ৬৯ শতাংশ ব্যাংকেরই এ ধরনের পরিকল্পনা নেই। এই তথ্য ব্যাংকিং খাতের সাইবার নিরাপত্তার উদ্বেগজনক চিত্র তুলে ধরে। গতকাল বুধবার (১১ নভেম্বর) রাজধানীর মিরপুরে বিআইবিএম অডিটোরিয়ামে ‘বাংলাদেশে ব্যাংকিং অ্যাপের নিরাপত্তা: বর্তমান অবস্থা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়।
গবেষণায় অংশগ্রহণকারী ব্যাংকগুলোর ৮১ শতাংশ নিরাপত্তা-সংক্রান্ত তথ্য সংরক্ষণের ব্যবস্থা বা ইভেন্ট লগিং চালু রেখেছে। তবে তথ্য সংরক্ষণের তুলনায় তাৎক্ষণিক নজরদারির ক্ষেত্রে ব্যাংকগুলোর সক্ষমতা সীমিত। গবেষণায় অংশ নেওয়া ব্যাংকগুলোর ৭৮ শতাংশ ডিভাইসের সঙ্গে গ্রাহকের হিসাব যুক্ত রাখা এবং পুনরায় পরিচয় যাচাইয়ের ব্যবস্থা থাকার কথা জানিয়েছে। তবে ঝুঁকির মাত্রা বিবেচনায় নিয়ে পরিচয় যাচাইয়ের পদ্ধতি পরিবর্তন করে মাত্র ১৬ শতাংশ ব্যাংক।
গবেষণায় উঠে এসেছে, ব্যাংকিং অ্যাপের নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকি হিসেবে ফিশিং ও সামাজিক প্রকৌশলভিত্তিক প্রতারণা চিহ্নিত হয়েছে। অংশগ্রহণকারী ব্যাংকগুলোতে এ ধরনের প্রতারণার ঘটনা সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে। এর পর রয়েছে গ্রাহকের হিসাবের নিয়ন্ত্রণ দখল এবং পরিচয়সংক্রান্ত তথ্য বা পাসওয়ার্ড চুরির ঘটনা। প্রযুক্তিগত দুর্বলতার পাশাপাশি গ্রাহকের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া এবং সচেতনতার অভাবও ডিজিটাল ব্যাংকিংয়ের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে।
গবেষণায় অংশগ্রহণকারী ব্যাংকগুলোর ৪৭ শতাংশ বাজেটের সীমাবদ্ধতাকে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। একই সংখ্যক ব্যাংক প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জামের অভাবের কথা জানিয়েছে। এ ছাড়া ৩৮ শতাংশ ব্যাংক দক্ষ সাইবার নিরাপত্তা জনবলের সংকটের কথা তুলে ধরেছে। সাইবার নিরাপত্তা জোরদারে আর্থিক ও জনবলসংক্রান্ত সীমাবদ্ধতাও ব্যাংকগুলোর বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত হয়েছে।
বিআইবিএমের এ প্রাথমিক জরিপে অংশ নেয় ৩৪টি ব্যাংক। গবেষণাটি বর্ণনামূলক জরিপ, দলীয় আলোচনা, প্রাসঙ্গিক নীতিমালা পর্যালোচনা এবং দেশি-বিদেশি অভিজ্ঞতা বিশ্লেষণের মাধ্যমে পরিচালিত হয়। তবে গবেষণার ফলাফল অংশগ্রহণকারী ব্যাংকগুলোর নিজস্বভাবে দেওয়া তথ্যের ভিত্তিতে তৈরি। ফলে এটিকে পুরো ব্যাংকিং খাতের সামগ্রিক চিত্র কিংবা স্বাধীনভাবে নিরীক্ষিত ফলাফল হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন বিআইবিএমের গবেষণা, উন্নয়ন ও পরামর্শ বিভাগের পরিচালক ও অধ্যাপক মো. শিহাব উদ্দিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইবিএমের মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম।
গবেষণার সামগ্রিক চিত্র বলছে, ব্যাংকিং অ্যাপের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু তথ্য সংরক্ষণ বা প্রযুক্তিগত সুরক্ষাব্যবস্থা চালু রাখলেই হবে না। সাইবার হামলা মোকাবিলায় লিখিত ও পরীক্ষিত পরিকল্পনা, নিয়মিত নিরাপত্তা পর্যবেক্ষণ, জালিয়াতি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা, তৃতীয় পক্ষের সেবাদাতাদের জবাবদিহি এবং দক্ষ জনবল নিশ্চিত করা জরুরি। অন্যথায় ডিজিটাল ব্যাংকিংয়ের প্রসারের সঙ্গে গ্রাহকের তথ্য ও অর্থের নিরাপত্তাঝুঁকিও বাড়তে পারে।
প্রতিনিধির নাম 
























