ভারতে বয়স্কদের সঙ্গ দিতে — ভারতের গুরুগ্রামে সুনীল বুধিরাজার বাজারে ২৬ বছর বয়সী রনি রাজু বয়স্ক দম্পতির সঙ্গ দিচ্ছেন। তার দুই মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন, তাই রাজু এখন এই দম্পতির ভাড়া করা নাতি হিসেবে কাজ করছেন।
ভারতের বিভিন্ন শহরে বয়স্কদের সঙ্গ ও দেখভালের জন্য নতুন ব্যবসা গড়ে উঠছে। এসব প্রতিষ্ঠান মন্দিরে নিয়ে যাওয়া, হাসপাতালে সঙ্গ দেওয়া, তাস খেলা কিংবা গল্প শোনানোর মতো সেবা প্রদান করছে। কোথাও এসব কর্মীকে ভাড়ায় সন্তান, কোথাও ভাড়ায় নাতি-নাতনি বলা হচ্ছে।
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত দ্রুত বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছে। ইউএনএফপিএ ও ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন সায়েন্সেসের ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে ভারতের জনসংখ্যার ১০ দশমিক ৫ শতাংশের বয়স ৬০ বছরের বেশি ছিল। ২০৫০ সালে এই সংখ্যা বেড়ে ২১ শতাংশে পৌঁছাতে পারে, যার ফলে প্রায় ৩৪ কোটি ৭০ লাখ বয়স্ক মানুষের বিশেষায়িত সেবার প্রয়োজন হবে। ভারতের বয়স্ক সেবা খাতের বাজার বর্তমানে প্রায় ৭০০ কোটি ডলার।
রাজু, যিনি সমাজকর্মে স্নাতকোত্তর, কয়েক মাস ধরে বুধিরাজা দম্পতির সঙ্গে কাজ করছেন। বুধিরাজা বলেন, "শুরু থেকেই আমি তার সঙ্গে স্বচ্ছন্দ ছিলাম। আমার মনে হয়, সে আমাকে ২০০ শতাংশ বোঝে।" রাজুও জানান, "এখন সে আমার পরিবারের মতো।" বুধিরাজার অস্ত্রোপচারের সময় চিকিৎসক ও ওষুধের খোঁজ রাখা থেকে শুরু করে কাজের সময়ের পরও ফোন করে খোঁজ নেওয়া সবই করেন রাজু।
রাজুর প্রতিষ্ঠানটির কর্ণধার গৌরব মিত্তাল জানান, মাসে ১০ ঘণ্টার সেবার জন্য ঘণ্টাপ্রতি ৪৫০ রুপি এবং ২৫ ঘণ্টার জন্য ৪০০ রুপি নেওয়া হয়। অব্যবহৃত সময় পরের মাসে জমা থাকে। তবে এই সেবা মূলত শহরের আর্থিকভাবে সচ্ছল পরিবারগুলোর নাগালে।
বেঙ্গালুরুভিত্তিক একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী সন্তোষ আব্রাহাম বলেন, "বয়স্কদের অনেক সময় চিকিৎসা বা বাজারের কাজের চেয়ে বেশি প্রয়োজন হয় কথা বলার একজন মানুষ।" তার ভাষায়, "অনেকে বলেন, আমি একা, কথা বলার কেউ নেই।" কখনও অসুস্থতার কথা জানিয়ে ফোন করলেও কেয়ার ম্যানেজার গিয়ে কোনও সমস্যা খুঁজে পান না। তখন তাদের এক ঘণ্টা বসে গল্প করতে বলা হয়। আব্রাহামের মতে, অপরিচিত কারও কাছে অনেকেই সহজে মনের কথা বলতে পারেন।
হায়দরাবাদের কর্মী কুমারও বয়স্কদের সঙ্গ দেন। তার গ্রাহকদের কেউ তাস খেলতে, কেউ সিনেমা দেখতে, মন্দির বা পার্কে যেতে সঙ্গী চান। এক গ্রাহক তাকে ঈশ্বরপ্রদত্ত ছেলে বলে পরিচয় করিয়ে দিতেন। ওই ব্যক্তি মারা যাওয়ার পর তার ছেলে কুমারকে শেষকৃত্যে সঙ্গে থাকতে বলেন।
তবে সেবাদানের ক্ষেত্রে সীমারেখা বজায় রাখার বিষয়েও সতর্ক করছেন সংশ্লিষ্টরা। হায়দরাবাদের একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রশান্ত রেড্ডি বলেন, "সঙ্গীরা সহায়তা দিতে পারেন, কিন্তু চিকিৎসক বা মানসিক স্বাস্থ্যকর্মীর বিকল্প নন।" আব্রাহাম তাদের প্রশিক্ষণে বলেন, "কম বলো, বেশি শোনো।"
নয়াদিল্লির জিন্দাল ইনস্টিটিউট অব বিহেভিয়ারাল সায়েন্সেসের সহকারী অধ্যাপক শিল্পা বন্দ্যোপাধ্যায় মনে করেন, সঙ্গী ভাড়া করাকে পরিবারের ব্যর্থতা হিসেবে দেখা উচিত নয়। তার মতে, বয়স্কদের খাদ্য, আশ্রয় ও চিকিৎসার পাশাপাশি সঙ্গ পাওয়ার প্রয়োজনকেও স্বীকৃতি দিতে হবে।
বুধিরাজাকে জিজ্ঞেস করা হয়েছিল, রাজু কোনও দিন কাজে না এলে তার কেমন লাগবে। তিনি বলেন, "কেন আসতে পারেনি তা জেনে আমি নিশ্চিত করব সে আসুক। আমার তাকে দরকার। বয়স বাড়লে প্রয়োজনও বাড়ে।"
প্রতিনিধির নাম 






















