ফারিন খানের বিরুদ্ধে ব্ল্যাকমেইলিং — ছোটপর্দার তরুণ অভিনেত্রী ফারিন খান দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইলিং ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন। ফেসবুক লাইভে তিনি নিজের ওপর চলা এই নিপীড়নের কথা প্রকাশ করেন। তবে আপাতত অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করেননি এই অভিনেত্রী।
লাইভে ফারিন বলেন, ‘আমি একজন শিল্পী, অভিনয়ের বাইরেও আমার একটি ব্যক্তিগত জীবন আছে। আমি সবসময় তা মিডিয়া থেকে দূরে রাখতে চেয়েছি। কিন্তু এমন কিছু পরিস্থিতি তৈরি হয়, যখন বাধ্য হয়ে মুখ খুলতে হয়। আমার চেহারা দেখলেই বুঝতে পারবেন আমি কতটা মানসিকভাবে বিপর্যস্ত।’
ফারিন অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি তার পূর্বপরিচিত। তিনি জানান, ওই ব্যক্তি অভিনেত্রীর সহকর্মীদের কাছে তার ব্যক্তিগত ভিডিও ও কথোপকথন ছড়িয়ে দিচ্ছেন। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ফারিন বলেন, ‘সে আমাদের জানাশোনা একজনই। এখন আমার অনেক কলিগদের কাছে সে আমার ভিডিও এবং ব্যক্তিগত কথাবার্তা শেয়ার করছে। যাদের কাছে শেয়ার করছে তাদেরকেও আমি ফেস করতে চাই। তারা বিষয়গুলো কীভাবে দেখছে সেটা নিয়েও কথা বলব।’
অভিযুক্ত ব্যক্তির দ্বিমুখী আচরণের সমালোচনা করে ফারিন তাকে ‘চিটার ও ভণ্ড’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমি অবাক হই একটা মানুষ কতটা হিপোক্রেট হয়! সে মালয়েশিয়া বসে মক্কার নাম বলে, কতটা মিথ্যাবাদী, চিটার, ভণ্ড!’
ফারিন খান জানান, তার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট ও মুঠোফোন একাধিকবার হ্যাক হয়েছে। তার দাবি, ব্যক্তিগত অনেক নথিপত্র ওই ব্যক্তির দখলে রয়েছে। তিনি বলেন, ‘সে অনেকবার আমার আইডি হ্যাক করেছে। আমার ফোন হ্যাক করেছে। আমার অনেক ডকুমেন্ট তার কাছে রয়েছে, যেটা নিয়ে আমরা আইনি প্রক্রিয়ার মধ্যে আছি।’
তিনি আরও বলেন, ‘আমার কোনো ব্যক্তিগত কথাবার্তা, ক্লিপস বা কোনো কিছু যদি কারও কাছে সে পাঠাতে চায় বা দেখাতে চায়, আপনারা অবশ্যই আমাকে অবগত করবেন। আর কোনো কিছু লিক হলে এর জন্য সে অবশ্যই দায়ী থাকবে।’
ফারিন জানান, আগামী দুই-তিন দিন শুটিংয়ের ব্যস্ততা থাকায় এখনই অভিযুক্তের নাম প্রকাশ করছেন না। তবে কাজ শেষ করে অভিভাবক ও গণমাধ্যমকর্মীদের নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে সবকিছু প্রকাশ্যে আনবেন বলে জানান তিনি।
প্রতিনিধির নাম 

























