কিশোরগঞ্জ ৩ আসনে বিএনপির — কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করার পর আসনটি শূন্য হয়ে গেছে। এর ফলে সম্ভাব্য উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে দলের স্থানীয় নেতাদের মধ্যে নতুন করে তৎপরতা শুরু হয়েছে।
ওসমান ফারুকের পদত্যাগের পর থেকেই সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান জানান দিতে শুরু করেছেন। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, সমর্থন আদায় এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় হতে প্রস্তুতি নিচ্ছেন তারা। ফলে করিমগঞ্জ ও তাড়াইলের রাজনৈতিক অঙ্গনে উপনির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ওসমান ফারুকের পদত্যাগ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও আসনটি শূন্য হওয়ায় সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে যারা আগে থেকেই মনোনয়নপ্রত্যাশী ছিলেন, তাদের মধ্যে আবারও প্রার্থী হওয়ার আগ্রহ দেখা যাচ্ছে।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট জালাল মো. গাউস ওসমান ফারুকের পদত্যাগে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমি নিজেও এই আসন থেকে প্রার্থী ছিলাম। কিন্তু দলের সিদ্ধান্ত মেনে তার হয়ে মনপ্রাণ দিয়ে নির্বাচন করেছি। অথচ তিনি হঠাৎ পদত্যাগ করে ফেললেন, একবারও কারও সঙ্গে পরামর্শ করলেন না। বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছি না।’
জানা গেছে, ২০০১ সালে বিএনপির মনোনয়নে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন ড. মোহাম্মদ ওসমান ফারুক। তিনি খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পর ২০২৪ সালের ২৪ অক্টোবর দেশে ফেরেন তিনি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শূন্য ঘোষণার পর ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এ পরিস্থিতিতে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আলোচনায় রয়েছেন দলের সাবেক ও বর্তমান পর্যায়ের একাধিক নেতা, যারা অতীতেও এ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন।
সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস। স্থানীয় পর্যায়ে তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং দলীয় আন্দোলন-সংগ্রামে ভূমিকার বিষয়টি আলোচনায় আসছে। তার সমর্থকদের দাবি, করিমগঞ্জ-তাড়াইলের মূল দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি বড় অংশ তাকে প্রার্থী হিসেবে দেখতে চান।
জালাল মোহাম্মদ গাউসের রাজনৈতিক পথচলা ছাত্রজীবন থেকেই শুরু হয়। ১৯৭৭ সালে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে উথারিয়া খাল খনন প্রকল্পে অংশগ্রহণের মাধ্যমে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে পরিচিত হন। ১৯৯১ সালে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য হওয়ার মাধ্যমে আইন পেশায় যুক্ত হন এবং একই সময়ে জেলা বিএনপির সদস্য পদ লাভ করেন।
এছাড়া আলোচনায় রয়েছেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা। তিন দশকেরও বেশি সময় ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় এই নেতা ছাত্রদলের সূচনালগ্ন থেকেই দলীয় আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখে আসছেন।
অন্যদিকে, আব্দুল্লাহ আল মাসুদ সুমনও আলোচনায় রয়েছেন। তিনি সরকারি গুরুদয়াল বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমানে জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সব মিলিয়ে ড. ওসমান ফারুকের পদত্যাগের পর কিশোরগঞ্জ-৩ আসনের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। একদিকে পদত্যাগ নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও সমর্থনের মিশ্র প্রতিক্রিয়া, অন্যদিকে উপনির্বাচন ঘিরে মনোনয়নপ্রত্যাশীদের তৎপরতা-দুই বিষয়ই এখন আলোচনার কেন্দ্রে। শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন কে পাচ্ছেন, তা নিয়ে করিমগঞ্জ ও তাড়াইলের রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা-কল্পনা।
প্রতিনিধির নাম 
























