হুথি হামলার আশঙ্কায় সৌদিতে — ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সৌদি আরবে দুই দিনে ১৫ বার জরুরি সতর্কতা জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। বৃহস্পতিবার একদিনেই ১২টি সতর্কবার্তা জারি করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় মধ্যরাত থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত আরও তিনটি সতর্কতা জারি করা হয়। সতর্কতাগুলো দেওয়া হয়েছে ইয়েমেন সীমান্তসংলগ্ন সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আবহা, জিজান ও খামিস মুশাইত এলাকায়। খামিস মুশাইতে একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি রয়েছে।
আল-জাজিরার তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১২টা ৪৯ মিনিট থেকে বিকেল ৫টা ৫৯ মিনিট পর্যন্ত ১২টি সতর্কবার্তা জারি করা হয়। এর মধ্যে আবহা শহর ও খামিস মুশাইত এলাকায় তিনবার করে, রিয়াদে দুবার এবং ওয়াদি আল-দাওয়াসির, আল-সুলাইয়িল, নাজরান ও আল-খারজ এলাকায় একবার করে সতর্কতা দেওয়া হয়।
বেশিরভাগ সতর্কতাই কয়েক মিনিটের মধ্যে তুলে নেওয়া হয়। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যালোচনা করে হুমকি কেটে গেছে বলে নিশ্চিত হওয়ার পর এসব সতর্কতা প্রত্যাহার করে।
গত বৃহস্পতিবার হুথিদের হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের সবচেয়ে উঁচু ভবন পিআইএফ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটির সাত থেকে আট তলার জানালা ভেঙে গেছে এবং বাইরের ধাতব আবরণের কিছু অংশ বেঁকে গেছে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।
পিআইএফ টাওয়ার সৌদি আরবের রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তর। সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ প্রকাশিত ছবিতেও ভবনটিকে পিআইএফ টাওয়ার হিসেবে শনাক্ত করা হয়েছে।
এদিকে, হুথিরা রিয়াদের আর্থিক এলাকায় দুই দফা হামলার দাবি করেছে। পাশাপাশি, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত বিমানঘাঁটি এবং পূর্বাঞ্চলীয় প্রদেশ জুবাইলের সাদাফ পেট্রোকেমিক্যাল কোম্পানিতেও হামলার দাবি করেছে গোষ্ঠীটি।
প্রতিনিধির নাম 
























